বিদ্যুৎ বিপর্যয়, দুর্ভোগে ৪০ হাজার গ্রাহক
মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার প্রায় ৪০ হাজার গ্রাহক কয়েক দফা বিদ্যুৎ বিপর্যয়ের কারণে গত পাঁচ দিন চরম দুর্ভোগ পোহাচ্ছে। গতকাল সোমবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ১০টা) বিদ্যুৎ সরবরাহ করা হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাফিলতি রয়েছে বলে অভিযোগ উঠেছে।সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ ও ভুক্তভোগী গ্রাহকদের সূত্রে জানা গেছে, কুলাউড়ার পিডিবির উপকেন্দ্র থেকে চারটি ফিডার লাইনের মাধ্যমে ওই এলাকাসহ পাশের জুড়ী ও বড়লেখা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত পিডিবির উপকেন্দ্র থেকে একটি উৎস লাইনের মাধ্যমে কুলাউড়ায় বিদ্যুৎ পাওয়া যায়।সূত্র জানায়, দমকা বাতাসে ফেঞ্চুগঞ্জ-কুলাউড়া ৪৮ কিলোমিটার দীর্ঘ ৩৩ কিলো/ভোল্টের উৎস এবং কুলাউড়া-জুড়ী-বড়লেখা ৫২ কিলোমিটার দীর্ঘ ৩৩ কিলো/ভোল্টের ফিডার লাইনের বিভিন্ন জায়গায় বাঁশ ও গাছের ডালপালা ভেঙে পড়ায় কয়েক দফা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সূত্র জানায়, প্রথম দফায় গত বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত টানা আট ঘণ্টা, দ্বিতীয় দফায় শুক্রবার রাত সাড়ে আটটা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত টানা ৩৮ ঘণ্টা তিন উপজেলার গ্রাহকেরা বিদ্যুৎহীন ছিল। তৃতীয় দফায় রোববার রাত ১১টার দিকে বিদ্যুৎ চলে যায়। তিন উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) প্রায় ৪০ হাজার গ্রাহক আছেন। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় লোকজনের বিভিন্ন কাজকর্মে ব্যাঘাত ঘটে।সূত্র জানায়, গতকাল সকাল নয়টা থেকে বিদ্যুৎ বিভাগের লোকজন দুটি ভাগে বিভক্ত হয়ে ফেঞ্চুগঞ্জ-কুলাউড়া ও কুলাউড়া-জুড়ী-বড়লেখা লাইনের দুই পাশের বাঁশ ও গাছের ডালপালা কাটার কাজ শুরু করেন। কাজ শেষ হলে সন্ধ্যা সাতটার দিকে বিদ্যুৎ সরবরাহ করা হলেও আধা ঘণ্টা পর তা আবারও বন্ধ হয়ে যায়। পিডিবির সিলেটের আঞ্চলিক কার্যালয়ের প্রধান প্রকৌশলী শাহীনুল ইসলাম খান উপস্থিত থেকে ওই কাজ তদারকি করেন।নাম প্রকাশে অনিচ্ছুক পিডিবির কুলাউড়া কার্যালয়ের একটি সূত্র জানায়, দুটি লাইনের পাশে প্রচুর বাঁশ ও গাছগাছালি আছে। এসব বাঁশ ও গাছের ডালপালার বাড়ন্ত অংশ কয়েক দিন পর পর কাটার কথা। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ব্যাপারে কোনো উদ্যোগ নেন না। আঞ্চলিক কার্যালয়ের প্রধান প্রকৌশলী শাহীনুল ইসলাম খান জানান, দমকা বাতাসে বাঁশ বা গাছের ডালপালা লাইনের ওপর পড়লে মাটির সংস্পর্শ ঘটায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। গতকাল বেশ কিছু বাঁশ ও ডালপালা কাটা হয়েছে।