বিদ্যুৎ বিপর্যয় কাটেনি দুর্ভোগে নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ৪৮ ঘণ্টা পরও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দুর্ভোগ শেষ হয়নি নগরবাসীর। গত বুধবার সন্ধ্যায় রাজশাহীর কাটাখালী গ্রিডে কারিগরি সমস্যা দেখা দেয়। তারপর থেকে নগরে বিদ্যুৎ বিপর্যয় ঘটে।
রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকেল চারটার পর থেকে গ্রিডের সমস্যা সমাধান হয়ে গেছে। এরপর থেকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা। কিন্তু নগরের কোনো কোনো এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আবার চলে যাচ্ছে। গতকাল সকাল থেকে এই অবস্থাই চলছে। নগরের কোনো এলাকাতেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী হযরত আলী গতকাল বিকেল সাড়ে চারটার দিকে প্রথম আলোকে বলেন, নগরের কোথাও আর বিদ্যুৎ না থাকার কথা নয়। কিন্তু তখনো নগরের কুমারসহ আরও কয়েকটি এলাকায় বিদ্যুৎ ছিল না। তিনি বলেন, নির্বাহী প্রকৌশলীকে এক্ষুনি বলে দিচ্ছেন। তার ১০ মিনিট পর ওই এলাকায় বিদ্যুৎ দেওয়া হলেও আধা ঘণ্টা পর আবার বিদ্যুৎ চলে যায়। ফের যোগাযোগ করা হলে প্রধান প্রকৌশলী বলেন, এমন তো হওয়ার কথা নয়। নগরের সব এলাকায় বিদ্যুৎ থাকার কথা। তিনি ফের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলতে চান। কিন্তু তারপরও সন্ধ্যা সাতটা থেকে বিদ্যুৎ আসে, আধা ঘণ্টা পর আবার চলে যায়।
এভাবে ৪৮ ঘণ্টা ধরে নগরের কোনো এলাকায় বিদ্যুৎ থাকছে, আবার কোনো এলাকায় থাকছে না। ব্যবসায়ীরা দোকান খুলে বসছেন, কিছুক্ষণ পর আবার বিদ্যুৎ চলে যায়।
নগরের অলোকার মোড় এলাকার প্রিয়সখ ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী ফারুক হোসেন বলেন, বিদ্যুৎ চলে গেলে বিক্রয়কেন্দ্রের মধ্যে যেন নরক তৈরি হয়। নিজের ঘরে নিজেই বসে থাকা যায় না। ক্রেতারা ঢুকবেন কী করে? বিদ্যুতের কারণে ঈদের বেচাকেনা একেবারে মাটি হয়ে গেল।
লোকনাথ স্কুল মার্কেটের কম্পিউটারে অনলাইন সেবার ব্যবসা করেন রিপন মাহমুদ। তিনি বলেন, দুই দিন দোকানের শাটার খুলে বসতেই পারেননি। বিদ্যুৎ আসা দেখে দোকান খুললেই বিদ্যুৎ চলে যায়। তাঁরা মহাদুর্ভোগে পড়েছেন।
বিদ্যুতের অভাবে বাসাবাড়িতে দেখা দিয়েছে পানির সংকট। ঠিকমতো পানি সরবরাহ না থাকায় মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। তাঁরা রাস্তার ধারে চাপকল থেকে পানি নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকছেন।
শিক্ষার্থীদের পড়াশোনাও বিঘ্নিত হচ্ছে। সাগরপাড়ার স্কুলশিক্ষিকা দুলারী খাতুন বলেন, তাঁর মেয়ে এবার এসএসসি পরীক্ষা দেবে। ভাপসা গরমের মধ্যে বিদ্যুতের লুকোচুরি খেলার কারণে তাঁর মেয়ে বই খুলেই বসতে পারছে না।
বুধবার সন্ধ্যা থেকে নগরের মানুষের এই দুর্ভোগ হচ্ছে। বৃহস্পতিবার সারা দিন রাজশাহী নগর বিদ্যুৎবিহীন ছিল। এদিন সন্ধ্যায় প্রধান প্রকৌশলী বলেছিলেন, তাদের নয় মেগাওয়াট সরবরাহ সম্ভব হচ্ছে। দরকার ১৫ মেগাওয়াটের।