বিদ্যুৎ বিপর্যয়ে উৎপাদনে ধস

সারা দেশে গত শনিবারের বিদ্যুৎ বিপর্যয়ে চরম দুর্ভোগে পড়েন খুলনা ও বরিশাল নগরের বিভিন্ন হাসপাতালের রোগী ও তাঁদের স্বজনেরা। তবে খুলনার চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলোয় তেমন কোনো ক্ষতি হয়নি। কিন্তু পাটকলগুলোতে উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়। বরিশালেও ক্ষতিগ্রস্ত হয় অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান।
১০ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকায় ভোগান্তিতে পড়েন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা। শনিবার বিকেলে সরেজমিনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায়, জরুরি বিভাগের একজন চিকিৎসক মোমবাতি জ্বালিয়ে তাঁর কক্ষের মধ্যে বসে আছেন। ইমতিয়াজ হাসান নামের ওই চিকিৎসক বললেন, এই মুহূর্তে সবচেয়ে ঝুঁকির মুখে আছেন জরুরি অস্ত্রোপচার দরকার এমন সব রোগীরা। নিয়মিত অস্ত্রোপচারের বাইরে এ হাসপাতালে প্রতিদিন এ রকম সাত থেকে আটটি অস্ত্রোপচার হয়। এ ছাড়া বিদ্যুতের অভাবে অ্যাজমার রোগীদের নেবুলাইজেশন, সিটি স্ক্যান, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম এবং বিভিন্ন প্রকারের প্যাথলজি পরীক্ষাও করা সম্ভব হচ্ছে না বলে ওই চিকিৎসক জানান।
সাত ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল অচল হয়ে পড়ে। দু-একটি অস্ত্রোপচার হলেও বন্ধ ছিল সিটি স্ক্যান মেশিনসহ গুরুত্বপূর্ণ সেবা। হাসপাতালের লিফট বন্ধ থাকায় নতুন ভর্তি রোগীদের কোলে নিয়ে ওপরে তুলতে হয়েছে। অধিকাংশ ওয়ার্ড ছিল অন্ধকার। বরিশাল জেনারেল হাসপাতালেও বিকল্প বিদ্যুতের ব্যবস্থা ছিল না।
শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাসপাতালের জরুরি বিদ্যুৎ শুধু অপারেশন থিয়েটারসহ ২৫ ভাগ স্থানে সরবরাহ করা সম্ভব হয়েছে। ওয়ার্ডগুলোতে মোমবাতির ওপর নির্ভর করতে হয়েছে।
এদিকে খুলনার চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলোতে মাছের মজুত পরিমাণে বেশি থাকায় এবং সময়টা চিংড়ির মৌসুম না হওয়ায় এসব জায়গায় বড় ধরনের ক্ষতি হয়নি। বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক এস হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ বিপর্যয়ের সময় এ অঞ্চলের ৩০টি কারখানায় ২০ কোটি টাকার মতো চিংড়ির মজুত ছিল। নিজস্ব জেনারেটর এবং প্রচুর বরফ ব্যবহার করে পরিস্থিতি সামাল দেওয়া গেছে। তবে এ কারণে প্রক্রিয়াজাতকরণের খরচ ৪ শতাংশ বেড়েছে।
হুমায়ুন কবীর আরও বলেন, মার্চ থেকে অক্টোবরকে ধরা হয় বাগদা চিংড়ির মৌসুম। আর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি হচ্ছে গলদা চিংড়ির। নভেম্বরের শুরুতে তেমন মাছ ওঠে না।
তবে খুলনা অঞ্চলের নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলের উৎপাদন এক-তৃতীয়াংশে নেমে আসে। বাংলাদেশ পাটকল সংস্থার (বিজেএমসি) খুলনার উপমহাব্যবস্থাপক ও লিয়াজোঁ কর্মকর্তা মামুন-উর-রহমান বলেন, সাধারণত সব কটি কারখানায় প্রতিদিন ১৫০ থেকে ১৬০ টন পণ্য উৎপাদিত হয়। কিন্তু শনিবার উৎপাদন হয়েছে মাত্র ৫২ টন।
এদিকে বিদ্যুৎ বিপর্যয়ে বরিশাল নগরের গুরুত্বপূর্ণ শিল্প কারখানা—অপসোনিন বাংলাদেশ, এ্যাংকর সিমেন্ট, খান সন্স গ্রুপ, বিসিক শিল্প এলাকাসহ অনেক প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ থাকে। বন্ধ ছিল নগরের সব বরফকল।
বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, হঠাৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে অনেক প্রতিষ্ঠানকে।
বরিশাল মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি অজিত কুমার দাস বলেন, ইলিশের উৎপাদন বন্ধ থাকায় তীব্র সংকটের পড়তে হয়নি। তার পরও অন্যান্য মাছের জন্য বরফ-সংকট দেখা দিয়েছে।