বিদ্যুৎ বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ জানানো হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় গ্রিডে বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা ছাড়াই গত ১ নভেম্বর সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনার তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেছে বিদ্যুৎ মন্ত্রণালয়। কেবল বলা হয়েছে, মূলত বিদ্যুতের ‘ফ্রিকোয়েন্সি’ সমস্যার কারণে জাতীয় গ্রিডে ওই বিপর্যয় দেখা দেয়।
ওই ঘটনায় করা তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে গতকাল বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এত বড় বিপর্যয় কোথা থেকে, কীভাবে ও কেন হয়েছিল তা সুনির্দিষ্ট করে বলেননি প্রতিমন্ত্রী। তিনি দোষারোপ না করে ভবিষ্যতে যেন আর এ ধরনের বিপর্যয়ে না পড়তে হয়, সে জন্য সাহস দেওয়ার ও সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত তদন্ত কমিটির সদস্যসচিব বিদ্যুৎ সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইনও ওই বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ বলেননি।
জাতীয় গ্রিড এখনো ঝুঁকিপূর্ণ কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘এককথায় বলা যায় এখনো তাই।’
বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ না বললেও সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির করা ৩২টি সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে ২২টি স্বল্পমেয়াদি, যা তিন মাসের মধ্যে বাস্তবায়ন করা যৌক্তিক বলে মনে করে কমিটি। বাকি ১০টি সুপারিশ মধ্য ও দীর্ঘমেয়াদি।
ওই বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব আহমেদ কায়কাউসের নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির একটি সূত্র জানায়, মাত্র ১৪ সেকেন্ডের মধ্যে ওই বিপর্যয় হয়েছিল। প্রথমে কুষ্টিয়ার ভেড়ামারা আন্তদেশীয় সাবস্টেশনে কারিগরি ত্রুটি দেখা দেয়। একই সঙ্গে দেখা দেয় ‘আন্ডার ফ্রিকোয়েন্সি’ সমস্যা। এতে উৎপাদন ও চাহিদার মধ্যে বড় ধরনের পার্থক্য তৈরি হয়। এর ফলে পর্যায়ক্রমে দেশের সব বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়।
তদন্ত কমিটি স্বল্পমেয়াদি সুপারিশে বলেছে, ভেড়ামারা উপকেন্দ্রটি এর আগে আটবার বন্ধ (ট্রিপ করা) হয়েছে এবং সর্বশেষ বন্ধ হয়েছিল ৭ নভেম্বর। ভবিষ্যতে এ ধরনের ‘ট্রিপিং’ প্রতিরোধে প্রকৃত কারণ অনুসন্ধান করে তা জরুরি ভিত্তিতে সমাধানের পদক্ষেপ নিতে হবে।
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে চার ভাগে ভাগ করে সময়ভিত্তিক (ছয় ঘণ্টা করে) ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে তদন্ত কমিটি। একটি সুপারিশে বলা হয়, খুব স্বল্প সময়ের মধ্যে চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন কমে যাওয়ায় গ্রিড বিপর্যয়ের ঘটনা ঘটে। এ জন্য আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে সেটিংয়ের মাধ্যমে ৩৩ কেভি এবং ১৩২ কেভি ফিডারের নির্দিষ্ট ও যৌক্তিক পরিমাণ লোড স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
সুপারিশের মধ্যে ঘুরেফিরে বিদ্যুৎ ব্যবস্থাপনা আধুনিক করার ওপর জোর দেওয়া হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রীও বলেছেন, বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা আধুনিক করার জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হবে। আগামী এক সপ্তাহেই পরামর্শক নিয়োগের কাজ শুরু হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম।