বিদ্যুৎ বিভাগের দুই কর্মচারীকে পেটালেন আ.লীগের নেতা
রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউপি সদস্য গোলাম রাব্বানী ও তাঁর লোকজন পল্লী বিদ্যুতের দুই কর্মচারীকে বেদম মারধর করেছেন। গত সোমবার সকাল ১০টার দিকে বিষ্ণুপুরের ঘৃনই গ্রামে আওয়ামী লীগের ওই নেতার বাড়ির বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গেলে এ ঘটনা ঘটে।আহতরা হলেন স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের মিটার টেস্টার মোহতাসীম বিল্লাহ (২৮) ও ম্যাসেঞ্জার হাছিনুর রহমান (২৫)। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। হাসপাতালের চিকিত্সকেরা জানান, তাঁদের বুক, পিঠ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।গোলাম রাব্বানী মুঠোফোনে বলেন, ‘বাড়ির বিদ্যুতের লাইন কাটতে বাধা দেওয়ায় তারা আমার স্ত্রী আঞ্জুয়ারা খাতুনের গায়ে হাত তোলে। এ কারণে আমার স্ত্রী ও ভাতিজারা দুজনকে আটকে রাখে। ঘণ্টাখানেক পর বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার অনুরোধে তাঁদের ছেড়ে দেওয়া হয়, মারধর করা হয়নি।’বদরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী ইনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর নাজমুস সাদাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’