বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় বকেয়া বিলের তাগাদা ও অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান লাঞ্ছিত ও ইলেকট্রিশিয়ান সাইদুর রহমান মারধরের শিকার হয়েছেন। শহরতলির পারলা গ্রামে গতকাল সোমবার এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পারলা গ্রামের অজিৎ সরকার এবং সুজিৎ সরকারের ধানের তুষ দিয়ে লাকড়ি তৈরির দুটি কারখানা রয়েছে। এই দুজনের কাছে বিদ্যুৎ বিভাগের বকেয়া পাওনা প্রায় ১২ লাখ টাকা। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যুৎ-সংযোগ দিয়ে কারখানা চালানোর অভিযোগ রয়েছে। বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের তাগাদা ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান তাঁর লোকজন নিয়ে গতকাল তাঁদের কাছে যান। এ ছাড়া তাঁরা কারখানায় অবৈধভাবে ইজি বাইকের ব্যাটারি চার্জ করাও বন্ধের নির্দেশ দেন। এতে ওই দুজন ক্ষুব্ধ হন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার কিছুক্ষণ পর পারলা গ্রামের চন্দন তালুকদারের ছেলে জনি তালুকদার (৩৬) ও তাঁর কয়েকজন সহযোগী রামদা ও লাঠি নিয়ে নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামানকে মারতে আসেন ও গালিগালাজ করেন। এ সময় স্থানীয় লোকজন কামরুজ্জামানকে রক্ষা করেন। স্থানীয় লোকদের সহায়তায় প্রকৌশলী রক্ষা পেলেও পেছনে থাকা সাইদুরকে জনি মারধর করেন।নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, জনি ও চন্দন তালুকদারের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে কামরুজ্জামান একটি অভিযোগ দিয়েছেন। আসামিদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।