বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীসহ সাতজন লাঞ্ছিত
কুড়িগ্রামে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ সাতজনকে গতকাল বুধবার লাঞ্ছিত করেছেন পৌরসভার কর্মচারীরা। পৌরসভা এক কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় তাঁরা (বিদ্যুৎ বিভাগের লোকজন) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ পৌর কর্মচারী ও কমিশনাররা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাসনাত জামান, সহকারী প্রকৌশলী প্রদীপ কুমার রায়সহ ওই সাতজনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে পৌর মেয়র নুর ইসলাম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পৌর কর্মচারী ও উপস্থিত জনগণের দািবর পরিপ্রেক্ষিতে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে নির্বাহী প্রকৌশলীসহ অন্যরা ছাড়া পান।
হাসনাত জামান জানান, দীর্ঘদিন থেকে কুড়িগ্রাম পৌরসভাকে প্রায় এক কোটি টাকার বকেয়া বিল পরিশোধের নোটিশ দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও তারা বিল পরিশোধ না করায় গতকাল বেলা দুইটার দিকে তিনি ১৫-১৬ জন কর্মী নিয়ে পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যান। এ সময় মেয়র ও দুজন কমিশনারের উসকানিতে পৌরসভার কিছু কর্মচারী তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্চিত করেন এবং তাঁদের অবরুদ্ধ করে রাখেন। আধা ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করলে তাঁরা তাঁদের ছেড়ে দেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পৌর মেয়র নুর ইসলাম বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর ৮৭ লাখ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছি। আমাকে না জানিয়ে হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে স্থানীয় লোকজন তাঁদের অবরুদ্ধ করেন। কারণ, শহরের সড়কবাতি পৌরসভা থেকে নিয়ন্ত্রণ করা হয়। বিদ্যুৎ না থাকলে গোটা এলাকা ভুতুড়ে শহরে পরিণত হবে। বিঘ্নিত হবে শহরের নিরাপত্তাব্যবস্থা।’