প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কাউখালী উপজেলায় ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটের প্রতিবাদে গতকাল শনিবার মানববন্ধন হয়েছে। কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজনের হাতে হারিকেন ছিল। তাঁদের শরীরে ঝোলানো কাগজে লেখা ছিল—‘নিয়মিত বিদ্যুৎ দে, নইলে হারিকেন-কেরোসিন দে’। মানববন্ধন শেষে কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আবদুল লতিফের সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়। এতে বক্তব্য দেন কাউখালী বাজারের ব্যবসায়ী আবু মো. ফরিদ, কাউখালী মহাবিদ্যালয়ের প্রভাষক নজরুল ইসলাম, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার সাহা, ইউপি সদস্য নেপাল চন্দ্র দে প্রমুখ। এ বিষয়ে জানতে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক শংকর কুমার করের মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তিনি ধরেননি।