পানির পাইপলাইন হাতে নিয়ে একজন বসা। পাইপের সামনে কলসের সারি। বিদ্যুৎ এলেই শুরু হবে পানি সরবরাহ। সিলেট নগরের ঘনবসতিপূর্ণ এলাকা ছড়ারপাড়ের গতকাল বুধবার বিকেলের এ চিত্র।
ছড়ারপাড়ের মতো এ চিত্র নগরের ঘনবসতির অন্যান্য এলাকারও। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে সিটি করপোরেশনের পানি সরবরাহের সময়সূচি বিলম্বিত হওয়ায় রীতিমতো সংকটের দিকে যাচ্ছে। রমজান মাস হওয়ায় ভোগান্তি পড়েছে নগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা।
গত শুক্রবার রাতেও আলীবাহার চা-বাগানের কাছে ৩৩ হাজার কেভি লাইন পুড়ে যাওয়ায় নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এর আগে গত মাসের শেষের দিকে একই এলাকায় লাইন পুড়ে গেলে পুরো সিলেট অন্ধকার হয়ে পড়ে।
নগরে পানির চাহিদা ৪৮ হাজার ঘনমিটার। সিলেট সিটি করপোরেশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে দৈনিক ২৫ হাজার ঘনমিটার পানি সরবরাহ করতে পারে। কিন্তু অব্যাহত লোডশেডিং ও বিদ্যুতের যান্ত্রিক সমস্যার কারণে প্রতিদিন মাত্র ১৭ থেকে ১৮ হাজার ঘনমিটার পানি সরবরাহ করা হচ্ছে। এমনিতেই ঘাটতি থেকে যাচ্ছে প্রায় ২৩ হাজার ঘনমিটার। সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরে ১৮টি গভীর নলকূপ দিয়ে পানির চাহিদা মেটানো হয়। পাশাপাশি তোপখানার পানি শোধনাগারের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। তার পরও বিভিন্ন স্থানে পানির জন্য হাহাকার দেখা দিয়েছে।
সিটি করপোরেশনের পানি শাখার দায়িত্বে থাকা প্রকৌশলী সৈয়দ জামাল হোসেন জানান, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অনেক স্থানে পানির সমস্যা প্রকট আকার ধারণ করে। বিদ্যুতের নির্ভরতা কমিয়ে পানির সংকট দূর করতে চেষ্টা চলছে। নগরের কুশীঘাটে পানি শোধনাগারের যে প্রকল্পের কাজ চলছে, সেটি হয়ে গেলে পানির সংকট সহনীয় পর্যায়ে চলে যাবে বলে তিনি মন্তব্য করেন।
বিদ্যুৎ বিপর্যয়ের কারণ সম্পর্কে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রমজানে গরমের কারণে সন্ধ্যায় নগরে বিদ্যুতের ব্যবহার বেড়ে যায়।
লোডশেডিং বা বিদ্যুতের বিভ্রাট হলেও সিটি করপোরেশনের পানি সরবরাহের বিষয়টি নজরে রাখা হয় জানিয়ে পিডিবির নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, বিদ্যুতের কোনো স্বল্পতা সিলেটে নেই। তবে রমজানে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। একসঙ্গে বিদ্যুতের ব্যবহার ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বৈদ্যুতিক লাইন লোড নিতে না পেরে পুড়ে যাওয়ায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।