বিদ্যুৎ বিভ্রাটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের দুঃখ-দুর্দশা বাড়াতে যারা অকারণে বিদ্যুৎ বিভ্রাট ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর কার্যালয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিআরসি) বর্তমান কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মকৌশলের ওপর এক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা অনুষ্ঠানে এই নির্দেশ দেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী জনগণের প্রতি বিদ্যুৎ ও পানি ব্যবহারে কৃচ্ছ্র সাধনের আহ্বান জানিয়ে বলেন, ক্রমবর্ধমান চাহিদা ও অপর্যাপ্ত সরবরাহের কথা বিবেচনা করে বিদ্যুৎ ও পানির অপব্যবহার থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, ‘কৃচ্ছ্র সাধন ও অপব্যবহার রোধের মাধ্যমে আমাদের বিদ্যুৎ ঘাটতি পূরণ করতে হবে।’ প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যেকোনো পরিস্থিতিতে রমজান মাসে বিদ্যুতের মূল্য না বাড়ানোর নির্দেশ দিয়েছেন। বিআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন প্রধানমন্ত্রীর কাছে এই উপস্থাপনা পেশ করেন। অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।বর্তমান বিদ্যুৎ সমস্যার জন্য প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করে বলেন, তাদের শাসনামলে দুর্নীতির মাধ্যমে বিদ্যুৎ খাত ধ্বংস করা হয়েছিল। বিদ্যুৎ খাতের কোটি কোটি টাকা লুটপাট করা হলেও তারা জাতীয় গ্রিডে এক মেগাওয়াট বিদ্যুৎও যোগ করতে পারেনি।শেখ হাসিনা বলেন, তাঁর বিগত সরকার দেশের বিদ্যুৎ উৎপাদন এক হাজার ৬০০ মেগাওয়াট থেকে চার হাজার ৩০০ মেগাওয়াটে উন্নীত করেছিল। কিন্তু ২০০৯ সালে সরকার গঠন করার সময় দেশের বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল চার হাজার ১০০ মেগাওয়াট। তিনি বলেন, তাঁর বর্তমান সরকার অতীতের মতো সারা দেশে ক্রমবর্ধমান চাহিদা পূরণে দেশের বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বাড়াতে বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছে। সরকার ইতিমধ্যে জাতীয় গ্রিডে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করেছে। দৈনিক সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে বর্তমানে দেশে পাঁচ হাজার ৫২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ: প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর সরকার পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জেলায় জনগণের জীবনমান উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি নিল ওয়াকার গতকাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। ১৯৯৭ সালে বিগত আওয়ামী লীগ সরকার ও তৎকালীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) মধ্যে পার্বত্য চুক্তি স্বাক্ষরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটা তাঁর সরকারের একটা বিরাট অর্জন। কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই তাঁর সরকার রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধান করেছিল। সাক্ষাৎকালে নিল ওয়াকার বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম, বিশেষত জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সক্রিয় ভূমিকা ও তাঁর দক্ষ তৃেত্বের প্রশংসা করেন।