বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হারিকেন হাতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হারিকেন হাতে গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান বিপণিবিতানের সামনে মানববন্ধন করেন গ্রাহকেরা। মানববন্ধনে বিক্ষুব্ধ গ্রাহকেরা কয়েকটি বৈদ্যুতিক বাল্ব ভেঙে বিদ্যুৎ বিভ্রাট ও ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তব্য দেন সংস্কৃতিকর্মী আলমগীর কবির, জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম, জেলা সিপিবির সম্পাদক মিহির ঘোষ, বাসদ জেলা শাখার সদস্যসচিব মঞ্জুর আলম, ব্যবসায়ী জাহিদুল হক, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী প্রমুখ।
বক্তারা বলেন, জেলা শহরে দৈনিক ৫ থেকে ৬ ও গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। ফলে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। নিয়মিত বিল পরিশোধ করেও গ্রাহকেরা বিদ্যুৎ পাচ্ছেন না। এ অবস্থা কেন হচ্ছে, তা উচ্চপর্যায়ে তদন্ত হওয়া দরকার। অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহনেওয়াজ গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, এই বিতরণ বিভাগের আওতায় প্রায় ৩৯ হাজার বাণিজ্যিক, আবাসিক ও অনাবাসিক গ্রাহক রয়েছেন। এই বিতরণ বিভাগে দৈনিক গড়ে বিদ্যুতের চাহিদা সাড়ে ২৩ মেগাওয়াট। দৈনিক গড়ে ১২ থেকে ১৩ মেগাওয়াট পাওয়া যায়। কয়েক দিন ধরে ৭ থেকে ৮ মেগাওয়াট পাওয়া যাচ্ছে।