বিদ্যুৎ বিল অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বেসরকারি বিদ্যুৎ বিতরণ কোম্পানি কেসিজে অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের (কেসিজেএএল) বিরুদ্ধে বিলে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
নগরের জাকির হোসেন রোড বাই লেইনের শান্তিধারা আবাসিক এলাকার ইকুইটি অর্ণব অ্যাপার্টমেন্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগে বলা হয়, বেসরকারি এই প্রতিষ্ঠানটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবি) নির্ধারিত ট্যারিফের অতিরিক্ত বিল আদায় করছে। তারা বিলের সমন্বয় এবং নির্ধারিত ট্যারিফে বিল আদায়ের দাবি জানিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে একাধিক অভিযোগ করে।
এ ব্যাপারে বিউবি চট্টগ্রামের (দক্ষিণাঞ্চল) প্রধান প্রকৌশলী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এনার্জি রেগুলেটরি কমিশন এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সুপারিশ অনুযায়ী যদি বাড়তি বিল আদায়ের অভিযোগ প্রমাণিত হয়, তা হলে তা সমন্বয়ের ব্যবস্থা নেওয়া হবে।’
২০১১ সালে বিউবির খুলশী বিক্রয় ও বিতরণ বিভাগের আওতায় ইকুইটি অর্ণব অ্যাপার্টমেন্ট বাল্ক আবাসিক গ্রাহক হিসেবে সংযোগ নিয়েছে। বাল্ক গ্রাহক হচ্ছে যারা বিউবির কাছ থেকে সংযোগ নিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় তা পরিচালনা করে।
জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে চুক্তির ভিত্তিতে কেসিজেএএল নগরের খুলশী বিক্রয় বিতরণ বিভাগের ১, ৩, ৪ এবং স্টেডিয়াম বিক্রয় ও বিতরণ বিভাগের ৫ ও ৬ নম্বর ফিডারে প্রি-পেইড মিটার সংযোগ ও বিল তদারকি করে। পাশাপাশি এসব এলাকার বিউবির প্রি-পেইডবহির্ভূত গ্রাহকদের বিলের তদারকির দায়িত্ব দেওয়া হয়। তবে বিউবির নির্ধারিত ট্যারিফের বাইরে বিল তৈরির কোনো এখতিয়ার তাদের নেই।
২ এপ্রিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের বরাবরে অভিযোগ করে ইকুইটি অর্ণব অ্যাপার্টমেন্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এতে ২০১১-এর ডিসেম্বর থেকে ২০১৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অতিরিক্ত ১১ লাখ ৩১ হাজার ৮৬৮ টাকার বাড়তি বিল পরিশোধ করেছে বলে দাবি করা হয়। তারা বাড়তি বিলের সমন্বয় সাধন করে বিউবির নির্ধারিত ট্যারিফ অনুযায়ী বিল করা এবং তাদের বিউবির গ্রাহক হিসেবে হস্তান্তরের আবেদন জানায়।
অভিযোগপত্রে ছকের মাধ্যমে বিলের তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরা হয়।
অভিযোগের অনুলিপি দেওয়া হয় বিউবি চট্টগ্রামের (দক্ষিণাঞ্চল) প্রধান প্রকৌশলী, খুলশী বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং কেসিজেএএলের মহাব্যবস্থাপকের বরাবরে।
এদিকে ইকুইটি অর্ণব অ্যাপার্টমেন্টের পক্ষ থেকে গত ২৭ ফেব্রুয়ারি এনার্জি রেগুলেটরি কমিশনে একই বিষয়ে অপর একটি অভিযোগ পাঠানো হয়। এর ভিত্তিতে কমিশনের সচিব আবদুল খালেক গত ১৬ মার্চ বিউবির চেয়ারম্যানকে সাত কর্মদিবসের মধ্যে অভিযোগ পরীক্ষা করে গৃহীত ব্যবস্থা সম্পর্কে কমিশনকে জানাতে অনুরোধ জানান।
ইতিমধ্যে বাড়তি বিলের বিষয়টি ফয়সালা হওয়ার আগ পর্যন্ত গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিল পরিশোধ বন্ধ রেখেছে ইকুইটি অর্ণব অ্যাপার্টমেন্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের সভাপতি নাইমুর রশিদ বলেন, ‘আমরা পিডিবির বাল্ক আবাসিক শ্রেণীর গ্রাহক। আমরা সেই হিসেবেই নির্ধারিত বিল দিতে চাই। আমরা অন্য কোনো কোম্পানির চাপিয়ে দেওয়া বাড়তি বিল কেন দেব। এ বিষয়টি জানিয়েই আমরা এনার্জি রেগুলেটরি কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান পাইনি। এযাবৎ আদায় করা বাড়তি বিলের সমন্বয় হওয়ার পরে বকেয়া বিল পরিশোধ করব।’
কেসিজেএএলের মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা পিডিবির নির্ধারিত ট্যারিফের বাইরে বিল আদায় করছি না। বিল নিয়ে বিভ্রান্তি এড়াতে তাদের প্রি-পেইড মিটারের আওতায় আসার অনুরোধ জানিয়েছি। তা হলে আর কোনো সমস্যা হবে না।’
খুলশী বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হারুন বলেন, ইকুইটি অর্ণব অ্যাপার্টমেন্টের বিল তদারকির দায়িত্ব কেসিজেএএলের। বিউবির সঙ্গে তাদের চুক্তি অনুযায়ী নির্ধারিত ট্যারিফেই বিল নেওয়ার কথা। এর বাইরে বাড়তি বিল আদায়ের কোনো সুযোগ নেই।