বিদ্যুৎ বিল পরিশোধে এক দুপুরের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ বিল পরিশোধের শেষ দিনে গতকাল রোববার রংপুর শহরের ব্যাংকগুলোতে মানুষের উপচে পড়া ভিড় ছিল। ভোগান্তি পোহাতে হয় সবাইকে। বিল পরিশোধ করতে কারও কারও গোটা দুপুর চলে যায়।
গ্রাহকদের অভিযোগ, গত সপ্তাহের শেষ দুই কার্যদিবসে তাঁরা সেপ্টেম্বর মাসের বিলের কাগজ হাতে পান। তাতে বিল পরিশোধের শেষ তারিখ উল্লেখ করা হয় ৩০ অক্টোবর। গতকাল এক দিনে কয়েক হাজার গ্রাহক বিল পরিশোধ করতে গিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) রংপুর কার্যালয়ের প্রধান প্রকৌশলী এস এস তৌহিদুল করিম প্রথম আলোকে বলেন, ‘এই বিল ঢাকা থেকে আসে। তাই আমাদের কিছু করার থাকে না। তবে নতুন পদ্ধতি অনুযায়ী মিটারের ছবি তুলে বিলের কার্যক্রম শুরু হওয়ায় একসঙ্গে এত গ্রাহকের বিল শেষ দিন হয়েছে। অন্য সময় আর এমনটি হবে না।’
গতকাল সরেজমিনে দেখা গেছে, শহরের পাঁচটি ব্যাংকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে গিয়ে অসংখ্য গ্রাহক দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আছেন। ব্যাংকে অন্যান্য কাজে আসা লোকজন ভিড় ঠেলে ভেতরে ঢুকলেও অনেক বিড়ম্বনা পোহাতে হয়েছে। ব্যাংকগুলো হলো এনসিসি, বেসিক, পূবালী, ন্যাশনাল ও ওয়ান ব্যাংক। সেপ্টেম্বর মাসের বিলের টাকা এই ব্যাংকগুলোতে জমা দিতে বলা হয়েছে।
শহরের নিউ ইঞ্জিনিয়ারপাড়ার বাসিন্দা রাজু আহমেদ বলেন, ‘সকালে শাপলা মোড়ে বিল দিতে গিয়ে দেখি দীর্ঘ লাইন। এরপর সেখান থেকে ছুটে যাই জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্সের সামনে এনসিসি ব্যাংকে। সেখানেও মানুষ আর মানুষ। উপায় না পেয়ে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে বিল দিয়েছি। কিন্তু তাতে চলে গেছে এক দুপুর।’