বিদ্যুৎ বিলে অস্বাভাবিক বৃদ্ধি, গ্রাহক ক্ষুব্ধ
সিরাজগঞ্জের রায়গঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতি গত জুন মাসে গ্রাহকদের অতিরিক্ত বিল করেছে বলে অভিযোগ উঠেছে। অস্বাভাবিক বিল নিয়ে গ্রাহকদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।গ্রাহকদের অভিযোগে জানা গেছে, তিন-চার মাস ধরে গ্রাহকেরা প্রতিমাসে যে পরিমাণ বিল পরিশোধ করেছেন, চলতি মাসে এর দ্বিগুণ এবং ক্ষেত্রবিশেষে তিন গুণ পর্যন্ত বেশি বিল পরিশোধ করতে হচ্ছে। সমিতির পক্ষ থেকে দেওয়া বিলের রিডিংয়ের সঙ্গে মিটারের রিডিংয়ের কোনো মিল নেই। মিটারের রিডিংয়ের চেয়ে বেশি ইউনিট উল্লেখ করে বিল করা হয়েছে।উপজেলার ধানগড়া ইউনিভার্স একাডেমির অধ্যক্ষ তৌহিদুল ইসলাম জানান, গত মে মাসে তাঁর ২৪৫ টাকার বিল করা হলেও গত জুন মাসে বিল করা হয়েছে ৫২৮ টাকা। রনতিথা এলাকার গ্রাহক সাইফুল ইসলাম বলেন, গত মে মাসে তাঁর বিল ছিল ১৯২ টাকা অথচ গত জুন মাসে বিল এসেছে ৩৪২ টাকা। একই এলাকার গোলাম মোস্তফা সরকার জানান, গত মে মাসে ৩৫৬ টাকার বিল হলেও গত জুন মাসে বিল হয়েছে ৭১৫ টাকা। ধানগড়া এলাকার গ্রাহক দেলোয়ার হোসেন জানান, গত এপ্রিল মাসে ৬৯৩ টাকা এবং গত মে মাসে এক হাজার ৭৫ টাকা বিদ্যুৎ বিল করা হলেও গত জুন মাসে বিল করা হয়েছে দুই হাজার ৬৭৫ টাকা।অভিযোগকারীরা আরও বলেন, সমিতির নিয়মানুযায়ী, বিদ্যুৎ ব্যবহারে আবাসিক সংযোগের ক্ষেত্রে এক থেকে ১০০ ইউনিট পর্যন্ত তিন টাকা ৪০ পয়সা এবং ১০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত চার টাকা পাঁচ পয়সা মূল্য ধার্য করার নিয়ম রয়েছে। সে ক্ষেত্রে গ্রাহক বেশি বিদ্যুৎ ব্যবহার করেছে উল্লেখ করে বেশি হারে বিল করেছে কর্তৃপক্ষ। এ কারণে গ্রাহকদের এই অতিরিক্ত টাকা গচ্চা দিতে হচ্ছে। তাঁরা জানান, বিগত বছরের চেয়ে এবার লোডশেডিং বেশি হওয়ায় আগের তুলনায় বিদ্যুতের ব্যবহারের সুযোগ অনেক কমে গেছে। তার পরও মিটারে যে রিডিং উঠেছে, বিলে তার চেয়ে অনেক বেশি রিডিং উল্লেখ করা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে সমিতির একটি সূত্র জানায়, লোডশেডিংসহ নানা অব্যবস্থাপনার কারণে এবার সমিতির সিস্টেম লস বিগত বছরগুলোর চেয়ে বেশি হয়েছে। তাই বিদ্যুৎ বিক্রি কম হলেও কর্মকর্তারা কৌশলে বেশি দেখিয়ে সিস্টেম লস কম দেখাচ্ছেন।পল্লী বিদ্যুৎ সমিতি রায়গঞ্জের ভূঁইয়াগাতি আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জুলফিকার দাবি করেন, বিগত সময়ের চেয়ে গ্রাহকেরা বেশি বিদ্যুৎ ব্যবহার করেছেন। লোডশেডিং কম ছিল বলে ব্যবহার বেশি হওয়ায় বিল বেশি হয়েছে। এখানে কোনো অনিয়ম করা হয়নি।