বিদ্যুৎ বিলে ভর্তুকি পাচ্ছেন না তারাগঞ্জের কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো মৌসুমে সেচকাজে কৃষকদের জন্য দেওয়া বিদ্যুৎ বিলের ২০ ভাগ ভর্তুকির সুবিধা পান না তারাগঞ্জের কৃষকেরা। ভর্তুকির পুরো সুবিধা ভোগ করছেন নলকূপের মালিকেরা। বোরো চাষে উৎপাদন খরচ কমাতে সরকার এই ভর্তুকি দিলেও নলকূপের মালিকেরা কৃষকদের এতটুকু ছাড় দিচ্ছেন না। এমনকি অনেক কৃষক এ ভর্তুকির ব্যাপারটি জানেনও না।রংপুর-২ পাগলাপীর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, তারাগঞ্জ উপজেলায় গভীর-অগভীর মিলিয়ে বিদ্যুৎ-চালিত নলকূপ রয়েছে ৫১৪টি। কৃষি বিভাগ জানায়, এসব নলকূপের মাধ্যমে সেচসুবিধা নিয়ে উপজেলার কৃষকেরা এ বছর সাত হাজার ৬২০ হেক্টর জমিতে বোরো চাষ করেছেন। লক্ষ্মীপুর গ্রামের কৃষক আফজাল হোসেন জানান, তিনি এবার দুই একর জমিতে বোরো চাষ করেছেন। কিন্তু সেচ বাবদ সরকারের দেওয়া বিদ্যুৎ বিলের শতকরা ২০ ভাগ ভর্তুকি তিনি পাচ্ছেন না। নলকূপমালিক মমিনুল ইসলামকে একরপ্রতি চার হাজার ৮০০ টাকা করে অগ্রিম দিতে হয়েছে।উত্তরপাড়া গ্রামের কৃষক আবুজার আলী বলেন, ‘পাম্পের পানি দিয়া বোরো ধান চাষ করলে সরকার যে ভর্ভুকি দেয়, তাক তো হামরা জানি না। এই প্রথম আপনারটে শোননো (শুনলাম)।’ বালাপাড়া গ্রামের কৃষক একরামুল হক বলেন, ‘আগত টাকা না দিলে পাম্পের মালিকরা ভুইত পানি দিবার চায় না। ভর্তুকির কথা কইলে কয় সরকার তোমাক যে ভর্তুকি দিবার কইছে, তার কাগজ আনি দেখান।’উপসহকারী কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম জানান, কৃষি বিভাগ থেকেও ভর্তুকি আদায় করার জন্য কৃষকদের সচেতন করা হচ্ছে। নলকূপের মালিকেরা কখনোই কৃষকদের ভর্ভুকির সুবিধা দেন না। দোলাপাড়া গ্রামের সেচপাম্পমালিক হামিদুল রহমান জানান, কৃষকদের বাকিতে বা অর্ধেক দামে পরিশোধে বোরোখেতে সেচসুবিধা দিতে হয়। বেশির ভাগ কৃষক বোরো ধান কেটে টাকা পরিশোধ করেন। বাকি টাকা তুলতে অনেক হয়রানি হতে হয়। তাই ভর্তুকির টাকা ছাড় দেওয়া হয় না।পাগলাপীর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক দেওয়ান তোফাজ্জল হোসেন বলেন, ‘এ ক্ষেত্রে আমাদের কিছু করণীয় নেই। কৃষকদের উচিত, সেচপাম্পমালিকদের কাছ থেকে ভর্ভুকি আদায় করে নেওয়া।’