বিদ্যুৎ লাইন উদ্বোধন অনুষ্ঠান বন্ধের দাবি, সাবেক সাংসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ী গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ লাইনের উদ্বোধনী অনুষ্ঠান বন্ধের দাবি জানিয়েছেন পঞ্চগড়-১ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজাহারুল হক প্রধান৷ দলীয় লোকদের বাদ দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান করা হচ্ছে বলে অভিযোগ এনেছেন তিনি৷
জানা গেছে, জিয়াবাড়ী গ্রামের ১৬১টি বাড়িতে বিদ্যুৎ লাইন সংযোগের জন্য আজ রোববার বিকেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান৷ বিশেষ অতিথি থাকবেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম৷
কিন্তু দলীয় নেতা-কর্মীদের বাদ দিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে অভিযোগ তুলে গতকাল শনিবার দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতির পঞ্চগড় কার্যালয়ে গিয়ে উপমহাব্যবস্থাপককে অনুষ্ঠান বন্ধ করার দাবি জানিয়েছেন মজাহারুল হক৷ তিনি িনর্ধারিত অনুষ্ঠান বাতিল করে প্রয়োজনে জেলা প্রশাসককে দিয়ে উদ্বোধন করানোর দাবি জানিয়েছেন৷
মজাহারুল হক প্রধান বলেন, ‘উন্নয়নমূলক কাজে দলীয় নেতা-কর্মীদের রাখা হচ্ছে না৷ তাই অনুষ্ঠান বন্ধের দাবি জানাতে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে গিয়েছিলাম৷’
পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মোবাশ্বের হোসেন বলেন, সাবেক সাংসদ মজাহারুল হক উদ্বোধন বন্ধের দাবি জানিয়েছেন৷ তবে উদ্বোধনী অনুষ্ঠান নির্ধারিত সময়েই হবে৷