বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুৎ​ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিন শ্রমিক আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দীন নগর এলাকায় কালুমোড়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত মনির হোসেন (৩৫) দৌলতপুর উপজেলার ভাগজোত গ্রামের আফসার মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমারখালী পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় আলাউদ্দীন নগর এলাকায় বিদ্যুতের খুঁটিতে তার টাঙিয়ে নতুন সংযোগ দেবার কাজ চলছিল। কালুমোড়ে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার শ্রমিক ছিটকে প্রথমে খুঁটি থেকে গাছে এবং পরে নিচে পড়ে যান। তাঁদের মধ্যে তিনজন দ্বগ্ধ ও একজন বিদ্যুতায়িত হন।

এ চারজন হলেন, দৌলতপুর উপজেলার ভাগজোত গ্রামের আফজার মণ্ডলের ছেলে মনির হোসেন (৩৫), একই উপজেলার মথুরাপুর গ্রামের জামরুলের ছেলে তারেক হোসেন (২৩), রায়হান আলীর ছেলে রোকন উদ্দীন (১৯) ও জমির উদ্দীনের ছেলে আশিকুর রহমান (১৯)। তাঁদের উদ্ধার করে প্রথমে কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়া হয়। পরে মনির ও তারেককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তবরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। তারেককে দশ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

হাসাপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আরিফুল ইসলামের ভাষ্য, তারেকের শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা খুবই গুরুতর।

হাসপাতালের দশ নম্বর ওয়ার্ডের এক সেবিকা জানান, চার/পাঁচজন ব্যক্তি আহতদের হাসপাতালে নিয়ে আসে। পরে তারা পালিয়ে যায়।

আলাউদ্দীন নগরে কালুমোড়ের কয়েকজন বাসিন্দা জানান, এই দুর্ঘটনার পর থেকে শ্রমিক ও ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন পালিয়ে গেছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে কথা বলতে পল্লী বিদ্যুৎ সমিতির কোনো কর্মকর্তাকেও পাওয়া যাচ্ছে না। মনিরের মৃতদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মুঠোফোনে ২০/২১ বার চেষ্টা করেও পল্লী বিদ্যুৎ সমিতি কুমারখালী আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম আবদুল হালিমকে পাওয়া যায়নি।