লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি হয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট জেলা প্রশাসক পর্যায়ে বৈঠকের পর গতকাল সোমবার এ চুক্তি হয়েছে। বৈঠক শেষে জানানো হয়েছে, মার্চ থেকে মাটির নিচ দিয়ে বিদ্যুত্ লাইন স্থাপনের কাজ শুরু হবে।তিন বিঘা করিডরের ভারতীয় অংশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আলাউদ্দিন ফকির। পাঁচ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) শ্রীমতী মাহাপাত্রা।প্রায় সাড়ে তিন ঘণ্টা চলা বৈঠক শেষে লালমনিরহাটের জেলা প্রশাসক আলাউদ্দিন ফকির সাংবাদিকদের জানান, দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে সে দেশের সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি হলো।আলাউদ্দিন ফকির আরও জানান, মাটির নিচ দিয়ে বিদ্যুত্ লাইন স্থাপনের জন্য বাংলাদেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হবে। তারা ১ মার্চ থেকে কাজ শুরু করবে। কাজ চলবে ১৬ মার্চ পর্যন্ত। তবে প্রয়োজন হলে ২০ মার্চ পর্যন্ত কাজ করতে পারবে।এ ছাড়া তিন বিঘা করিডর ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য ভারতীয় প্রতিনিধিদলের কাছে প্রস্তাব দেয় বাংলাদেশ। এ বিষয়ে ভারতীয় প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উত্থাপন করবে।বৈঠকে যোগ দেওয়া বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন: লালমনিরহাট ৩১ রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আসলাম, রংপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (বিতরণ জোন) আবদুল হামিদ ও নির্বাহী প্রকৌশলী গোলাম মর্তুজা এবং জেলা প্রশাসকের স্টাফ অফিসার আলম হোসেন।ভারতীয় দলের অন্য সদস্যরা হলেন, কোচবিহারের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট কেসি মণ্ডল, ১৭ বিএসএফ ব্যাটালিয়নের জলপাইগুড়ি কমান্ডিং অফিসার এ কে তেগি, মেকলিগঞ্জ মহকুমার শাসক মানবেন্দ্র নাথ দাস এবং কোচবিহারের কেন্দ্রীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এল বসু।