বিদ্যুৎ শ্রমিক লীগের দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর, আহত ১০
কুমিল্লার জাঙ্গালিয়ায় বিদ্যুৎ ভবনে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের দুই পক্ষের সংঘর্ষে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষ হয়। এ সময় বিদ্যুৎ শ্রমিক লীগের কার্যালয়ের আসবাব ভাঙচুর ও তছনছ করা হয়। খবর পেয়ে দুই প্লাটুন পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুমিল্লা বিদ্যুৎ শ্রমিক লীগের একাংশের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম গতকাল সকাল থেকে জাঙ্গালিয়া বিদ্যুৎ ভবন কার্যালয়ে অবস্থান করেন। সকাল নয়টার দিকে তাঁরা প্রতিপক্ষের বিদ্যুৎ শ্রমিক লীগের কার্যালয় ভাঙচুর করে প্রধান ফটকে অবস্থান নেন। এরপর তাঁরা নিজেদের অনুসারী কুমিল্লা বিদ্যুৎ বিতরণ বিভাগ-১-এর সহকারী হিসাবরক্ষক মফিজ উদ্দিন সরকারের বন্ধ রাখা বেতন চালুর দাবিতে সমাবেশের চেষ্টা চালান। খবর পেয়ে বিদ্যুৎ শ্রমিক লীগের অপর অংশের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম দলবল নিয়ে বিদ্যুৎ ভবনে আসেন। এ সময় জহিরুল ইসলামের অনুসারীরা আবদুল কাইয়ুম পক্ষের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলায় বিপুলসংখ্যক বহিরাগত লোক অংশ নেয়। আবদুল কাইয়ুম, আবদুল লায়েক ও আবদুস সালামের পেটে ছুরিকাঘাত করা হয়। সঙ্গে সঙ্গে তাঁদের কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সংঘর্ষ থামাতে এসে সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ রহমানসহ কমপক্ষে ১০ জন আহত হন।প্রত্যক্ষদর্শী বিদ্যুৎ বিভাগের একাধিক কর্মকর্তা জানান, হামলার সময় স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম দা, ছেনিসহ কিছু বহিরাগত লোক নিয়ে মহড়া দেন। এ সময় অন্তত ছয়টি ককটেল বিস্ফোরিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও শটগানের দুটি গুলি ছোড়ে।জানতে চাইলে বিদ্যুৎ শ্রমিক লীগের একাংশের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের এক কর্মী বেতন না পাওয়ায় আমরা সমাবেশ ডেকেছিলাম। ওই সমাবেশে কাইয়ুম পক্ষ এসে বাধা দেয়। এতে আমাদের দুই কর্মী রফিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আহত হন। শ্রমিক লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনায় আমরা জড়িত নই।’ তবে বহিরাগতদের নিয়ে বিদ্যুৎ ভবনে অবস্থান করা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। অন্যদিকে শ্রমিক লীগ কুমিল্লার সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম বলেন, ‘সকাল থেকেই অস্ত্র ও বহিরাগতদের নিয়ে জহিরুল ইসলাম বিদ্যুৎ ভবনে অবস্থান নেন। শ্রমিক লীগের কার্যালয় ভাঙচুরের খবর পেয়ে আমরা শাসনগাছা বিদ্যুৎ কার্যালয় থেকে জাঙ্গালিয়ায় আসি। তখন আমাকেসহ তিনজনকে ছুরিকাঘাত করে জহিরের অনুসারীরা। একপর্যায়ে আমাদের অনুসারীরা প্রতিরোধ করলে তাঁরা পিছু হটে।’ জানতে চাইলে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বলেন, শ্রমিক লীগের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটে। এতে সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম ও আরও দুজন ছুরিকাহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।