প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার কবে নাগাদ বিদ্যুৎ, পানি ও গ্যাস-সংকটের সমাধান করতে পারবে—এ বিষয়ে রেডিও-টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, জনগণের কাছে প্রধানমন্ত্রীর বলা উচিত যে সরকার এই সংকট মোকাবিলায় কী কী করছে।গতকাল শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরশাদ এ কথা বলেন। এরশাদ বলেন, দেশে বিদ্যুতের তীব্র সংকট চলছে। বিদ্যুতের জন্য মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তবে এ সমস্যা যে এ সরকারের আমলে হয়েছে, তা নয়। এটা পুঞ্জীভূত সমস্যা। তিনি বলেন, বিদ্যুতের সঙ্গে গ্যাস ও পানির সংকটও প্রকট আকার ধারণ করেছে। এসব সমস্যার সমাধান করতে না পারলে জনগণ অসন্তুষ্ট হয়ে উঠবে।