বিদ্যুৎ-সংকট সমাধানে উদ্যোগ সন্তোষজনক নয়: জাফর ইকবাল
সরকার আন্তরিক হলেই বিদ্যুৎ-সংকটের সমাধান সম্ভব। এ সংকট নিরসনে সরকার যেসব উদ্যোগ নিয়েছে, তা সন্তোষজনক নয়। কথাগুলো বলেছেন শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল। তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছাতে হবে।রাজধানীর সেঞ্চুরি আর্কেড শপিং সেন্টারের সামনে গতকাল রোববার বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে প্রচারকাজের উদ্বোধনকালে জাফর ইকবাল এসব কথা বলেন। ঢাকা মহানগর দোকানমালিক সমিতি এই প্রচারকাজের আয়োজন করে। জাফর ইকবাল বলেন, আমরা যদি সন্ধ্যা সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত নিজেদের এসি বন্ধ রাখি, তাহলে ওই বিদ্যুৎ দিয়ে ছেলেমেয়েরা একটু ভালোভাবে পড়ালেখা করতে পারবে। কৃষিতে সেচের ব্যবস্থাও করা সম্ভব হবে।’ অনুষ্ঠানে দোকানমালিক সমিতির নেতারা বলেন, নগরের তিন লাখ দোকানের মালিক সরকারের নির্দেশমতো সন্ধ্যায় দোকান বন্ধ রেখেছিলেন। ফলে প্রায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হয়েছিল। তবে শুধু দোকানমালিকদেরই নয়, বিভিন্ন কার্যালয় ও বাসায় যাঁরা এসি চালিয়ে রাখেন, তাঁদেরও এর আওতায় আনতে হবে। তাহলে অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে। মহানগর দোকানমালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির সহসভাপতি রেজাউল ইসলাম ও মহাসচিব মাসুদ কাদের।