বিদ্যুৎ-সংকটকে পুঁজি করে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, বিদ্যুৎ-সংকটকে পুঁজি করে কোনো মহল বিশৃঙ্খলার চেষ্টা করতে পারে। দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিদ্যুৎকেন্দ্র ভাঙচুর করার বিষয়ে সরকারের ভাবনা কী—সাংবাদিকেরা তা জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন প্রতিমন্ত্রী।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ-সংকট রাতারাতি দূর করা যাবে না। চেষ্টা হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে সহনীয় পর্যায়ে নিয়ে আসার।’ বিদ্যুৎ-সংকটকে পুঁজি করে কোনো মহল বিশৃঙ্খলার চেষ্টা করতে পারে—এ মন্তব্য করে তিনি বলেন, যারা অতীতে বিদ্যুৎ খাতে লুটপাট করেছে, তাদের এ ক্ষেত্রে যোগাযোগ থাকতে পারে।এদিকে, লক্ষ্মীপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলা-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘যদি এমন হামলা হয়ে থাকে, তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’সাংবাদিকদের জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়ন গড় হার ৮৯ শতাংশ। উল্লেখ্য, জাতীয় ক্ষেত্রে এই হার ৯৬ শতাংশ।স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানের প্রধান বা তাদের প্রতিনিধি যোগ দেন।বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি: স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানান, ২০১০-১১ অর্থবছরে মন্ত্রণালয়ের অধীনে ৩৭টি প্রকল্পের জন্য মোট বরাদ্দ ছিল ৫৫৭ কোটি টাকা। ব্যয় হয়েছে ৪৯৬ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নের হার ৮৯ শতাংশ। এটি জাতীয় অগ্রগতির নিচে। এবার ৩০টি চলমানসহ ৩৫টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সাহারা খাতুন বলেন, সব টাকা ব্যয় করতে না পারার অনেক কারণ আছে। যথাসময়ে জমি অধিগ্রহণ করতে না পারা ও বিদ্যুতের অভাবেও অনেক প্রকল্প বাস্তবায়ন করা যায় না।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জায়গা না পাওয়ায় ডিএনএ ল্যাব প্রতিষ্ঠা প্রকল্পের কোনো টাকা খরচ করা যায়নি। এবার সিআইডি কার্যালয়ের নিচতলায় এই ল্যাব প্রতিষ্ঠা করা হবে। সিআইডি কমপ্লেক্স করা হবে।তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো টাকা অব্যয়িত থাকেনি বা প্রকল্প অবাস্তবায়িত নেই। আসলে বরাদ্দের অর্থ সাশ্রয় হয়েছে।’তথ্য বিশ্লেষণে দেখা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত বছরের অধিকাংশ প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি হতাশাজনক। যেমন—হাইওয়ে পুলিশ আউটপোস্ট নির্মাণে ব্যয় হয়েছে দুই শতাংশ, পুলিশের জন্য ১০টি ব্যারাক নির্মাণে অগ্রগতি দুই শতাংশ, সাতটি র‌্যাব কমপ্লেক্স নির্মাণে অগ্রগতি দুই শতাংশ, কোস্টগার্ড অধিদপ্তরের অগ্রগতি ১২ শতাংশ ও বর্ডার গার্ডের তিনটি হাসপাতাল নির্মাণে অগ্রগতি পাঁচ শতাংশ। সর্বোচ্চ ৯৮ শতাংশ অগ্রগতি হয়েছে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসা প্রকল্পে। এটি একটি চলমান প্রকল্প। চার বছর ধরে এর কাজ চলছে।