রাজশাহীর বাগমারায় তিন বছর ধরে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। সংযোগের জন্য টাকা দিয়ে প্রায় দুই হাজার আবেদনকারী ও প্রতিষ্ঠান বিপাকে পড়েছে। তাদের প্রায় ৪০ লাখ টাকা পড়ে আছে পল্লী বিদ্যুতের তহবিলে৷
অভিযোগ রয়েছে, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অন্য এলাকায় সংযোগ দেওয়া অব্যাহত রাখলেও সাবস্টেশন এবং বিদ্যুৎ সঞ্চালন লাইনের ধারণক্ষমতা না থাকার অজুহাতে বাগমারায় বন্ধ রেখেছে।
এ ব্যাপারে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারা আঞ্চলিক দপ্তরের উপমহাব্যবস্থাপক ফসিউল হক বলেন, বিদ্যুতের চাহিদা থাকলেও সাবস্টেশন এবং বিদ্যুৎ সঞ্চালন লাইনের ধারণক্ষমতা না থাকায় সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। উপজেলার হাটগাঙ্গোপাড়ায় বিদ্যুতের সাবস্টেশন নির্মাণের প্রক্রিয়া চলছে। তা চালু হতে আরও আট-নয় মাস সময় লাগবে। এরপরই নতুন করে সংযোগ দেওয়া যাবে। সঞ্চালন লাইনের ধারণক্ষমতা না থাকার পরও কেন টাকা জমা নিলেন—জানতে চাইলে তিনি বলেন, ‘আমার যোগদানের আগে এসব করা হয়েছে।’
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সূত্র জানায়, তিন বছর আগে নতুন সংযোগের জন্য নির্দিষ্ট ফরমে অফেরতযোগ্য সমীক্ষা ফি নিয়ে আবেদন গ্রহণ করা হয়। তাদের কোনো সংযোগ না দিয়ে পরের দুই বছরও একইভাবে আবেদন, বৈদ্যুতিক তার ও মিটারের জন্য টাকা নেওয়া হয়৷ ওই সময় থেকে আবেদনকারীরা সংযোগের জন্য বিদ্যুৎ কার্যালয়ে নিয়মিত ধরনা দিয়ে আসছেন।
পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, তাদের দপ্তরে আবাসিক, বাণিজ্যিক, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্প ও সেচের সংযোগের জন্য এক হাজার ৮৬৫টি আবেদনপত্র পড়েছে। এদের বেশির ভাগ ব্যক্তি মিটারের জন্য ৬০০ টাকা করে জমা দিয়েছেন। এ ছাড়াও সমীক্ষা ফি হিসাবে ১০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পল্লী বিদ্যুতের হিসাবে জমা দেওয়া হয়েছে। অন্যদিকে জরুরি প্রয়োজনে আরও পাঁচ শতাধিক ব্যক্তি ডিপোজিট ওয়ার্কের (গ্রাহকদের নিজস্ব খরচে কেনা লাইন) আওতায় আবেদন করেছেন। তাঁরাও মালামাল এবং সংযোগ নেওয়ার জন্য টাকা জমা দিয়ে বসে আছেন। ডিপোজিট ওয়ার্কের আওতায় ছয় কিলোমিটার এলাকা সংযোগের অপেক্ষায় রয়েছে৷ সব মিলিয়ে সংযোগের জন্য পল্লী বিদ্যুতের হিসাবে প্রায় ৪০ লাখ টাকা জমা দেওয়া হয়েছে।
আবেদন করে তিন বছর ধরে সংযোগ না পাওয়ায় বেকায়দায় পড়েছেন লোকজন। তাঁরা দীর্ঘদিন ধরে নাটোর জোনাল ও বাগমারার আঞ্চলিক কার্যালয়ে সংযোগের জন্য ধরনা দিয়েও ফল পাচ্ছেন না।
গোবিন্দপাড়া ইউনিয়নের খাজুর গ্রামের খোরশেদ আলম ও করখণ্ড গ্রামের তাজউদ্দিন জানান, তাঁরা ডিপোজিট ওয়ার্কের আওতায় ২০১১ সালে ৫ লাখ ৩৬ হাজার ২৫৩ টাকা জমা দিয়ে এখন পর্যন্ত সংযোগ পাননি।
মির্জাপুর গ্রামের আব্বাস আলী জানান, তিনি তার ও মিটারের টাকাও জমা দিয়েছেন৷ দীর্ঘদিন ঘুরেও বিদ্যুৎ-সংযোগ পাননি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রধান শিক্ষক জানান, বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় গ্রীষ্মের দাবদাহে তাঁদের বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে। তাঁরা কম্পিউটার ও মাল্টিমিডিয়ার ক্লাসও নিতে পারেন না।