বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নামে ঘুষ আদায়ের অভিযোগ
পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার জন্য বরগুনার একটি গ্রামের ১৩০টি পরিবারের কাছ থেকে দুই হাজার টাকা করে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে। পল্লী বিদ্যুৎ সমিতির নামে ওই গ্রামের দুই ব্যক্তি এই অর্থ তুলছেন বলে ভুক্তভোগী ব্যক্তিরা জানিয়েছেন।গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা ও ভুক্তভোগী কয়েকজন জানান, সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের শিংড়াবুনিয়া গ্রামের হাওলাদারবাড়ি থেকে কমিউনিটি স্কুল হয়ে ফজলুল করিম হাওলাদারবাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার নতুন সংযোগ স্থাপনের জন্য মাস খানেক আগে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির একজন প্রকৌশলী এসে এলাকা জরিপ করেন যান। এ সময় তাঁর সঙ্গে বরগুনা পল্লী বিদ্যুৎ সমিতির কয়েকজন কর্মকর্তা ছিলেন। এর পর থেকে গ্রামের আনসারুজ্জামান ও মোখলেসুর রহমান নামের দুই ব্যক্তি গ্রাহকপ্রতি দুই হাজার টাকা করে ১৩০টি পরিবারের কাছ থেকে দুই লাখ ৬০ হাজার টাকা তুলে নেন। তাঁরা আরও জানান, প্রাথমিকভাবে তালিকাভুক্তির জন্য দুই হাজার টাকা করে নেওয়া হলেও সংযোগ আনার সময় পরিবারপ্রতি আরও পাঁচ হাজার টাকা দেওয়ার কথা।শিংড়াবুনিয়া গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান খলিফা জানান, তিনি নিজেই এলাকার ৬০টি পরিবার কাছ থেকে টাকা তুুলে মোখলেসুর রহমানের কাছে দিয়েছেন। আনসারুজ্জামানের পক্ষ হয়ে মোখলেসুর এই টাকা তুলেছেন।জানতে মোখলেসুর রহমানের মুঠোফোনে বলেন, ‘আপনার সঙ্গে পরে দেখা করে কথা বলব।’ টাকা আদায় প্রসঙ্গে আনসারুজ্জামান বলেন, কাজ করতে গেলে সরকারি অফিসে ঘুষ দিতে হয়। পরক্ষণেই তিনি বলেন, ‘আমি কোনো টাকা নিইনি। আপনার সঙ্গে পরে দেখা করব।’পল্লী বিদ্যুৎ সমিতি বরগুনার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সাইফুল আলম বলেন, ‘কেউ যদি সংযোগের কথা বলে টাকা তুলে থাকে, তা অবৈধ। এর সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।’পল্লী বিদ্যুৎ সমিতি পটুয়াখালীর জিএম হাফিজ আহম্মেদ বলেন, ‘সমিতির মাস্টারপ্ল্যানে ওই এলাকা সংযুক্ত নয়। কিন্তু স্থানীয় সাংসদ সম্প্রতি ওই এলাকায় বিদ্যুৎ দেওয়ার জন্য একটি চাহিদাপত্র (ডিও) দিয়েছেন বলে আমরা তাঁর (সাংসদের) সম্মানার্থে এলাকটি জরিপ করে এসেছি।’ গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায়ের বিষয়ে তিনি বলেন, এটা যদি কেউ করে থাকেন, তবে তা সম্পূর্ণ বেআইনি।