বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নামে টাকা আদায়
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিদ্যুৎ সঞ্চালন লাইন টানার কাজ চলছে ঢিমেতালে। এতে গ্রাহকেরা যথাসময়ে বিদ্যুৎ-সংযোগ পাবেন না বলে আশঙ্কা করা হচ্ছে। আর লাইন টানার কাজের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন সংযোগ দেওয়ার নামে টাকা আদায় করছেন। পুরো টাকা আদায় করতে না পারায় এখন তাঁরা কাজ বন্ধ রেখেছেন।
পল্লী বিদ্যুৎ সমিতির শেরপুর কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুতের গ্রাম বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে উপজেলার বিভিন্ন গ্রামে ৭১ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইন টানার জন্য সরকার সাত কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেয়। টাঙ্গাইলের মেসার্স ইউনিক ইঞ্জিনিয়ারিং কোম্পানি, হক ট্রেডার্স, হূদয় ও এমএসএস এন্টারপ্রাইজ এ কাজ পায়। প্রতিষ্ঠানগুলোকে ৩১ জানুয়ারি কার্যাদেশ দিয়ে নয় মাসের মধ্যে কাজ শেষ করার সময়সীমা দেওয়া হয়েছিল।
কিন্তু প্রতিষ্ঠানগুলো খলিলুর রহমান, মাসুদ রানা, শমসের ও ছানোয়ারের কাছে কাজগুলো বিক্রি করে দেয়। ওই চারজন এলাকাভিত্তিক দালাল নিয়োগ করে সংযোগ পেতে আগ্রহী গ্রাহকদের কাছে টাকা দাবি করেন। তাঁদের দাবি অনুযায়ী তারাকান্দি ও পিপুলেশ্বর গ্রামের গ্রাহকেরা কিছু টাকা দিয়েছেন।
মেসার্স ইউনিক ইঞ্জিনিয়ারিং কোম্পানির মালিক জয়নাল আবেদিন জানান, কাজ পাওয়ার পর তাঁরা সাব-ঠিকাদারদের কাছে তা বিক্রি করে দিয়েছেন। এখন কাজ বাস্তবায়নের দায়িত্ব সাব-ঠিকাদারদের।
তারাকান্দি গ্রামের আহাজুল ও মিজানুর রহমান অভিযোগ করেন, সাব-ঠিকাদার খলিলুর তাঁদের গ্রামে ১৮টি বৈদ্যুতিক খুঁটি স্থাপনের জন্য ৩৮ জন গ্রাহকের কাছে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে ৩৫ হাজার টাকায় রফা হয়। এর মধ্যে ২০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয় এবং বাকি টাকা সংযোগ দেওয়ার পর দেওয়া হবে বলে জানানো হয়। কিন্তু খুঁটি স্থাপন করার কাজ শেষ হওয়ার পরই খলিলুর বাকি টাকা দাবি করেন। ওই টাকা দিতে না পারায় তিনি কাজ বন্ধ করে চলে যান।
পিপুলেশ্বর গ্রামের আবদুল হামিদ বলেন, ‘আমাদের গ্রামে ২৩টি খুঁটি স্থাপনের জন্য খলিলুর ৮৪ হাজার টাকা দাবি করেন। পরে ওই গ্রামের ৪৯ জন গ্রাহকের পক্ষ থেকে তাঁকে ৬০ হাজার টাকা দেওয়ার বিষয়ে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী গ্রাহকেরা তাঁকে নগদ আট হাজার টাকা দেন। কিন্তু এখনো কোনো কাজ হয়নি। খলিলুর বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন। কাজের ধীরগতির বিষয়ে তিনি জানান, মালমাল সংকটের কারণে কাজ করা যাচ্ছে না।
পল্লী বিদ্যুৎ সমিতির শেরপুর কার্যালয়ের মহাব্যবস্থাপক মাসরুল হক খান বলেন, ‘বিদ্যুতের লাইন স্থাপনের পর আমাদের কাছে হস্তান্তর করলে পরে আমরা বিদ্যুৎ সংযোগ দিই। কাজেই এ বিষয়টি আমার জানা নেই।’
গ্রাম বিদ্যুৎ প্রকল্প বিভাগের নির্বাহী প্রকৌশলী জয়নাল আবেদীন জানান, সংযোগ পেতে দাপ্তরিক খরচ ছাড়া টাকা নেওয়া বেআইনি। মালামালের সংকটের কারণে কাজ শেষ করতে বিলম্ব হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে সময় তিন মাস বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
গ্রাম বিদ্যুৎ প্রকল্পের পরিদর্শক (সুপারভাইজার) হুমায়ুন কবির জানান, এই পর্যন্ত মাত্র নয় কিলোমিটারে খুঁটি স্থাপন করে তার টানা হয়েছে। বাকি ৬২ কিলোমিটারে সঞ্চালন লাইন টানার কাজ কিছুতেই তিন মাসের মধ্যে শেষ করা সম্ভব নয়।