বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কথা বলে স্থানীয় কয়েক ব্যক্তি প্রায় ছয় লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। দেড় বছর আগে টাকা দিলেও গ্রামবাসী এখনো বিদ্যুৎ পাননি।
জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ-সংযোগের জন্য আবেদন ফি ১০০ টাকা দিতে হয়। এর বাইরে সদস্য ফি হিসেবে ৫০ টাকা এবং মিটার জামানত হিসেবে ৬০০ টাকা নেওয়া হয়। এই ৬০০ টাকা ফেরতযোগ্য। এর বাইরে বিদ্যুৎ-সংযোগের জন্য আর কোনো টাকা দিতে হয় না।
উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের ১১০টি পরিবার বিদ্যুৎ-সংযোগের জন্য পাঁচ থেকে ছয় হাজার করে প্রায় ছয় লাখ টাকা দেন। ভুক্তভোগীরা বলেন, ডাঙ্গাপাড়া গ্রামের সামশুল আলম, আবদুর রশিদ, হাসান আলী, লাজিম উদ্দীন ও আবদুল হাকিম তাঁদের কাছ থেকে এ টাকা নেন। কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও তাঁরা এখনো বিদ্যুৎ পাননি। এ ব্যাপারে তাঁরা বড়বাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের কাছে গত মাসে অভিযোগ দিয়েছেন।
গ্রামের দিনমজুর আবদুল মান্নান টাকা জোগাতে গরু বিক্রি করে দেন। তিনি বলেন, ‘তাড়াতাড়ি বাড়ির কারেন্ট লাগিবার তানে বাড়ির গরু বিকায়ে রশিদের হাতত ছয় হাজার টাকা দিনু। দেড় বছর পার হয়ে গেইল, কারেন্ট হইলনি। এলা টাকা ফেরত চায়েও পাছি না।’
ডাঙ্গাপাড়া গ্রামের পশ্চিম এলাকার খতিবুর রহমানসহ আরও পাঁচজন বাড়িতে বিদ্যুৎ-সংযোগের জন্য স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) থেকে ঋণ নেন। তিনি বলেন, টাকা নেওয়ার সময় তাঁদের কত তোড়জোড়। তা মনে হয়েছিল, কালই বিদ্যুৎ চলে আসবে। টাকা দেওয়ার পর আর দেখা নেই। এখন আজ-কাল করে সময় পার করছে।
রফিজুল ইসলাম বলেন, ‘দিনমজুরি করে খাই। সেলা মুই কষ্টে পাঁচ হাজার টাকা জোগাড় করিবা পারিছিনু। এক হাজার টাকা দিবা না পারিলে বাড়িত মিটার লাগিবেনি বলে ওমার কত জুলুম। টাকা দিবার দেড় বছর হয়ে গেইল, এলাও। কারেনও পাছু না।’
এ বিষয়ে অভিযুক্ত আবদুর রশিদ মুঠোফোনে বলেন, বিদ্যুৎ-সংযোগ দেওয়ার ব্যবস্থা করে দিতে গ্রামবাসীর কাছ থেকে টাকা নিয়েছিলেন। বিদ্যুৎ-সংযোগের খরচ, জামানত ও ঠিকাদারের কাজ করতে গিয়ে সাড়ে চার লাখ টাকা খরচ করা হয়েছে।
বড়বাড়ী ইউপি চেয়ারম্যান মো. আকরাম আলী বলেন, বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কথা বলে যাঁরা টাকা আদায় করেছেন, তাঁদের টাকা ফেরত দিতে বলা হয়েছে। তবে তাঁরা টাকা ফেরত দিয়েছেন কি না, তা জানা নেই।
পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ ইউনুছ বলেন, এই এলাকার লোকজন বিদ্যুতের কার্যালয়ে আসেন না। ফলে দালালেরা যা বলেন, গ্রামবাসী তাই বিশ্বাস করেন। সংযোগ পেতে কত টাকা লাগে, তা জানতে সমিতির কার্যালয়ে গিয়ে জেনে নিলেই এভাবে প্রতারিত হতে হয় না। তবে ডাঙ্গাপাড়া গ্রামের সংযোগের জন্য টাকা নেওয়ার বিষয়ে তিনি জানেন না। এ বিষয়ে কেউ তাঁকে অভিযোগও দেয়নি।