বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নামে প্রতারণা
বিদ্যুৎসংযোগ দেওয়ার নামে ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখি পশ্চিমপাড়া ও ইলাসপুর গ্রামের শতাধিক ব্যক্তির কাছ থেকে এক ব্যক্তি টাকা নিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিদ্যুৎসংযোগ না দেওয়ায় তারা ওই এলাকা দিয়ে বৈদ্যুতিক লাইন টানতে বাধা দিচ্ছিল। গত বৃহস্পতিবার এ ঘটনার পুনরাবৃত্তি ঘটলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পাঁচরুখি পূর্বপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, সেখানে শ্রমিকদের নিয়ে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ করছেন ঠিকাদার গাইবান্ধা জেলার মো. জহির। তিনি জানান, তিন-চার মাস ধরে চেষ্টা করেও ওই দুটি গ্রামের লোকজনের বাধার কারণে কাজ শেষ করা যায়নি।
পাঁচরুখি পশ্চিম পাড়া গ্রামের আবদুল মালেক ও আবদুস সাত্তার খান জানান, কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির নান্দাইল আঞ্চলিক কার্যালয়ের সদস্য পরিচয় দিয়ে সামাদ মিয়া তাঁদের গ্রামে বিদ্যুৎসংযোগ দেওয়ার জন্য লাইন টানার কথা বলে ৭০ হাজার টাকা নিয়েছেন।
পল্লি বিদ্যুতের নান্দাইল কার্যালয়ের পরিচালক টিপু সুলতান জানান, তাঁর কাছেও এ ধরনের অভিযোগ এসেছে। ওই দুটি গ্রামের বাসিন্দারা রসিদ ছাড়া টাকা দিল কেন। প্রমাণ থাকলে তাঁরা আইনানুগ ব্যবস্থা নিক।