বিদ্যুৎ-সংযোগ না থাকায় পাঁচ বছরেও চালু হয়নি লাশ রাখার হিমঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ-সংযোগ না থাকায় গত পাঁচ বছরেও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের লাশ রাখার হিমঘরটি চালু করা যায়নি। দীর্ঘদিন ধরে অব্যবহূত থাকায় নষ্ট হচ্ছে হিমঘরে রাখা যন্ত্রপাতি।হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৭ সালের মার্চে ১৮ লাখ চার হাজার টাকা দিয়ে লাশ রাখার জন্য দুটি যন্ত্র কেনা হয়। ২০০৮ সালের মার্চে হাসপাতালের নিচতলার একটি কক্ষে যন্ত্র দুটি স্থাপন করা হয়। এর পর থেকে ওই কক্ষে বিদ্যুৎ-সংযোগ চালু করা যায়নি। এ কারণে পাঁচ বছর ধরে যন্ত্রগুলো অব্যবহূত রয়েছে; পাশাপাশি লাশ নিয়ে ভোগান্তির শিকার হচ্ছে মৃত ব্যক্তিদের স্বজনেরা।গত ১৪ এপ্রিল কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষক মুক্তিযোদ্ধা শেখ সফিকুর রহমান মারা যান। সফিকুর রহমানের এক ছেলে দিনাজপুরে অবস্থান করায় ওই দিন তাঁর লাশ দাফন করা সম্ভব হয়নি। এ অবস্থায় লাশ সংরক্ষণ নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে তাঁর স্বজনেরা। পরে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) কর্তৃপক্ষ লাশটি রাখতে রাজি হয়। এ ঘটনার পর সফিকুর রহমানের স্বজনেরাসহ জেলার বাসিন্দারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে লাশ রাখার হিমঘরটি চালু করার দাবি জানান।সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের লাশ রাখার ওই হিমঘরে তালা লাগানো। হাস-পাতালের কয়েকজন কর্মচারী জানান, বিদ্যুতের ব্যবস্থা না থাকায় হিমঘরটি চালু হচ্ছে না। পাঁচ বছর ধরে কক্ষটিতে তালা দিয়ে রাখা হয়েছে। সেখানে রাখা যন্ত্রগুলো এত দিনে অকেজো হয়ে পড়েছে বলে আশঙ্কা করেন তাঁরা।হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মহসিনুজ্জামান চৌধুরী বলেন, হিমঘরটি চালু করতে হলে ২৪ ঘণ্টা বিদ্যুতের ব্যবস্থা থাকতে হবে; একই সঙ্গে জেনারেটরের ব্যবস্থাও থাকতে হবে। দীর্ঘদিন থেকে বিদ্যুতের ব্যবস্থা করতে না পারায় সেটি চালু করা যাচ্ছে না। এটি চালু হলে কুমিল্লাবাসী উপকৃত হতো।হাসপাতালের পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, বিদ্যুৎ-সংযোগের বিষয়ে তাঁরা কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।