বিদ্যুৎ-সংযোগ না পাওয়ায় স্থবির টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় স্থবির হয়ে পড়েছে সরকারি মোবাইল ফোন কোম্পানি টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ কার্যক্রম। গত জুন মাসে আমদানি করা নেটওয়ার্ক সম্প্রসারণের যন্ত্রপাতির (বেইস ট্রান্সমিশন/রিসিভার স্টেশন বা বিটিএস প্রভৃতি) বেশির ভাগই এখন পর্যন্ত গুদামে পড়ে আছে।টেলিটক সূত্রে জানা গেছে, শতাধিক বিটিএস স্থাপনের জন্য আমদানি করা যন্ত্রপাতিগুলো গুদামে রাখার সর্বোচ্চ সময় নির্ধারিত ছিল আগস্ট মাস পর্যন্ত। এর মধ্যে বিটিএসগুলো বসানোর নির্ধারিত স্থানগুলোতে বিদ্যুতের সংযোগ দেওয়ার জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে বারবার চিঠি দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এখন এসব যন্ত্রপাতি রাখতে গুদামের জন্য বাড়তি ভাড়া গুনতে হচ্ছে টেলিটককে।টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ সংযোগ না পেলে বিটিএস বসানো সম্ভব নয়। ঈদের আগে চারটি বিটিএস বসেছে। খাগড়াছড়িতে দুটি, টাঙ্গাইলে একটি ও কুড়িগ্রামে একটি। আরও ১৬টি স্থাপনের জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। বাকি ১১১টি বিটিএসের যন্ত্রপাতি এখনো গুদামে রয়েছে।টেলিটক সূত্র জানায়, যন্ত্রপাতিগুলো সরবরাহকারী প্রতিষ্ঠানের পরামর্শ ছিল দ্রুত স্থাপনের। কিন্তু গুদামেই ছয় মাস কেটে গেছে। এতে যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। গত এপ্রিল মাস থেকে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের কারণে বিটিএসগুলো স্থাপনের জন্য বিদ্যুৎ সংযোগ পাওয়া যায়নি। ৭ নভেম্বর থেকে নতুন সংযোগ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পরও এ ব্যাপারে কার্যকর কিছু হচ্ছে না।টেলিটকের পরিকল্পনা অনুযায়ী এখনো ১১১টি জায়গায় বিটিএস বসাতে হবে। এগুলোর মধ্যে বান্দরবানে তিনটি, বরিশালে একটি, ভোলায় তিনটি, বগুড়ায় দুটি, চাঁদপুরে একটি, চাঁপাইনবাবগঞ্জে একটি, চট্টগ্রামে সাতটি, চুয়াডাঙ্গায় দুটি, কুমিল্লায় তিনটি, ঢাকায় ২৮টি, দিনাজপুরে দুটি, খুলনায় দুটি, ফরিদপুরে একটি, গাজীপুরে তিনটি, জামালপুরে একটি, যশোরে পাঁচটি, ঝালকাঠিতে দুটি, ঝিনাইদহে একটি, জয়পুরহাটে একটি, খাগড়াছড়িতে ১২টি, কুড়িগ্রামে দুটি, লালমনিরহাটে পাঁচটি, মাদারীপুরে একটি, মাগুরায় একটি, মুন্সিগঞ্জে দুটি, নওগাঁয় একটি, নড়াইলে একটি, নারায়ণগঞ্জে দুটি, নরসিংদীতে দুটি, নাটোরে একটি, রাজশাহীতে একটি, রাঙামাটিতে পাঁচটি, রংপুরে একটি, সাতক্ষীরায় একটি, সিরাজগঞ্জে দুটি ও সিলেটে তিনটি।