বিদ্যুৎ-সংযোগ নেই বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ গ্রন্থাগারে
২৩ মার্চ, ২০১৩। শনিবার দুপুর সোয়া ১২টা। ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর গ্রামে (অধুনা রউফনগর) অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে গিয়ে দেখা গেল সেটি বন্ধ। গ্রন্থাগারের মূল ফটকে তালা ঝুলছে। আরেকটি তালা ঝুলছে সিমানাপ্রাচীরের লোহার গেটে।এই গেটের সঙ্গে লটকানো একটি টিনের বোর্ডে লেখা ‘এখানে গরু, ছাগল বাঁধা নিষেধ, জুতা-স্যান্ডেল বাইরে রাখুন’—আদেশক্রমে জেলা পরিষদ। এ সময় এলাকার তরুণ মো. সাগর জানান, আজ এলাকায় একটি ক্রিকেট খেলা চলছে। এই জাদুঘরের সবাই সেখানে গেছে। তাই এটি বন্ধ।খোঁজ নিয়ে জানা গেল, ২০০৬-০৭ অর্থবছরে জেলা পরিষদের উদ্যোগে ও তত্ত্বাবধানে এক একর জায়গার ওপর তিন হাজার ৫৩৫ বর্গফুট আয়তনবিশিষ্ট এই ভবন প্রায় ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়। জাদুঘরটি উদ্বোধন করা হয় ২০০৮ সালের ২৮ মে। শুরু থেকে ভবনে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়নি। এ কারণে লাইট, ফ্যান, পানি তোলার মেশিন কোনো কাজে আসছে না। এই জাদুঘরে গ্রন্থাগারিক হিসেবে দায়িত্বে আছেন মুন্সী সাইদুর রহমান এবং খণ্ডকালীন ঝাড়ুদার হিসেবে রয়েছেন মিল্টন কুমার বিশ্বাস। এই দুজনই সর্বমোট জনবল। পাঠাগার খোলা ও বন্ধ করা এবং বিভিন্ন কাজকর্ম করেন মিল্টন।জাদুঘর থেকে কামারখালীর দিকে কিছুটা এগোলেই মিল্টনের দোকানের মোড়। সেখানে পাওয়া গেল ঝাড়ুদার মিল্টনকে। তিনি ডেকে নিয়ে আসেন গ্রন্থাগারিক মুন্সী সাইদুরকে। নিজেকে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের চাচাতো ভাই পরিচয় দিয়ে তিনি জানান, প্রতিদিন গড়ে ১২-১৫ জন পাঠক এই গ্রন্থাগারে আসে। মুক্তযুদ্ধ ও ইতিহাস-ঐতিহ্যের ওপর বই বেশি থাকলেও সেসব বই পড়ার পাঠক নেই।জাদুঘরের দক্ষিণ পাশে মাত্র ৫০০ মিটারের মধ্যে রয়েছে মধুমতী নদীর ভাঙন। এ ছাড়া কামারখালী থেকে রউফনগরের দূরত্ব চার কিলোমিটার। এই পথে গন্ধখালী গ্রামের অন্তত দুই জায়গায় মধুমতীর নদীর ভাঙন তীব্রতর। একটি স্থানে ভাঙন এতই মারাত্মক যে সড়কটি বিলীন হওয়ার উপক্রম হয়েছে।ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আ. মতিন সরকার জানান, জাদুঘর এলাকার ভাঙন রোধসহ মোট পাঁচটি কাজের বিপরীতে ৩৭ কোটি টাকার প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের পরামর্শে এক বছর আগে প্রকল্পটি পাঁচটি ভাগে ভাগ করে জলবায়ু ট্রাস্ট ফান্ডে জমা দেওয়া হয়েছে। বর্তমানে প্রকল্পটি প্রক্রিয়াধীন রয়েছে।ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোফাজ্জেল হোসেন বলেন, ‘বিদ্যুৎ সমস্যার সমাধানে সোলার প্যানেলের জন্য আমরা মন্ত্রণালয়ে আবেদন করেছি। আনুমোদন হলে সমস্যার সমাধান হয়ে যাবে।’