বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন, বিপাকে রোগী-চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ বিল বকেয়া থাকায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর ট্রমা সেন্টারের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩। এতে চিকিৎসক, কর্মচারী ও রোগীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০০৬ সালে দুর্ঘটনায় আহত ও হাড়ভাঙা রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য এটি চালু করা হয়। এখানে একজন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), দুজন চিকিৎসক, সাতজন সেবিকা, একজন ফার্মাসিস্ট, একজন স্বাস্থ্যসহকারী (সাকমো), একজন ওয়ার্ডবয় ও একজন দারোয়ান রয়েছেন।
গত বুধবার আরএমও আশরাফুল মতিন, সেবিকা সুমি আক্তার ও ওয়ার্ডবয় কাউছার হাবিব বলেন, বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন থাকায় তীব্র গরমের মধ্যে রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। বিদ্যুৎ না থাকায় মোটর চালাতে না পারায় ট্রমা সেন্টারের শৌচাগারগুলোতে পানি সরবরাহ করা যাচ্ছে না।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর অধীন দাউদকান্দি আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) বলাই মিত্র বলেন, বারবার তাগাদা দেওয়ার পরও ২০১৫ সালের জুলাই মাস থেকে ২০১৬ সালের মে মাস পর্যন্ত ১ লাখ ৬ হাজার ৬২২ টাকা বকেয়া বিল পরিশোধ করেননি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। তাই বিধি অনুযায়ী গত বছরের ২০ মে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে।