বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন, সরকারি স্কুলের শিক্ষার্থীরা ভোগান্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দার মেঝেতে পাঠদান করা হচ্ছে শিক্ষার্থীদের l ছবি: প্রথম আলো
জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দার মেঝেতে পাঠদান করা হচ্ছে শিক্ষার্থীদের l ছবি: প্রথম আলো

বিল বকেয়া থাকায় মানিকগঞ্জ সদর উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎ-সংযোগ গত মাসে বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে শিশু শিক্ষার্থীদের।
বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা বিদ্যালয়গুলো হলো সদরের জয়নগর প্রাথমিক বিদ্যালয়, গিলণ্ড প্রাথমিক বিদ্যালয় ও নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক শিশু গরমে অসুস্থ হয়ে পড়ছে। বিদ্যালয়ে উপস্থিতির হারও কমছে।
সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ৮০ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া ছিল। বকেয়া বিল পরিশোধের জন্য বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে আবেদন করা হয়। এরপর মন্ত্রণালয় থেকে ১ লাখ টাকা পাঠানো হয়। গত মে মাসে এ টাকা পরিশোধ করা হয়। এরপরও বিল বকেয়া থাকায় ওই তিন বিদ্যালয়ের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

গত রোববার বেলা ১১টার দিকে জয়নগর প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ-সংযোগ না থাকায় গরমের মধ্যে প্রথম শ্রেণির শিক্ষার্থীরা কক্ষের বাইরে বারান্দার মেঝেতে বসে ক্লাস করছে। প্রথম শ্রেণির ছাত্র আলামিন খান বলে, ‘গরমে ক্লাস করতে আমাগো কষ্ট হয়। আমাগো স্কুলে কারেন্ট দিব কবে?’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি মণ্ডল বলেন, পবিত্র রমজান মাস ও ঈদের ছুটির পর ১১ জুলাই বিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। এদিন বিদ্যালয়ে এসে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন দেখতে পান তিনি।

জেলা পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) সূত্রে জানা গেছে, সদরের ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মুলজান এলাকায় পবিসের জেলার প্রধান কার্যালয়ের অধীনে ২২টি বিদ্যালয়ে ২৬ হাজার ১৯০ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এর মধ্যে জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের ২ হাজার ৪৪৫ টাকা, নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ৪ হাজার ৪১৫ টাকা ও গিলণ্ড প্রাথমিক বিদ্যালয়ের ৪ হাজার ৯৯৩ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ কারণে গত ২৯ জুন থেকে এসব বিদ্যালয়ে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

গত রোববার দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, গিলণ্ড প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকেরা হাতপাখা নিয়ে এসেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষক বলেন, সরকারি বিভিন্ন কার্যালয়ে লাখ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকলেও সেখানে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সায়েম মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের টাকার জন্য অর্থ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আগস্ট-সেপ্টেম্বরে বরাদ্দ পেলে বকেয়া বিল পরিশোধ করা হবে।