বিদ্যুৎ সংযোগে বিলম্ব হওয়ায়...
নিজের বাড়ির বিদ্যুৎ সংযোগ মেরামতে বিলম্ব হওয়ায় ঠাকুরগাঁও বিদ্যুৎ বিভাগের অভিযোগকেন্দ্র ভাঙচুর করেছেন ছাত্রলীগের এক নেতা। ভাঙচুরের প্রতিবাদে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ গত রোববার সকাল থেকে কর্মবিরতি পালন করলেও বিকেলে তা তুলে নেয়। তবে তারা জানিয়েছে, এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মসূচিতে যাবে।প্রত্যক্ষদর্শী আমিনুল হক জানান, গত শনিবার রাত সাড়ে আটটার দিকে ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান পুলকের নেতৃত্বে ৮-১০ জন যুবক ঠাকুরগাঁও বিদ্যুৎ অফিস কক্ষে ঢুকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। একপর্যায়ে তাঁরা অফিসের খাতাপত্র ছিঁড়ে ফেলেন ও আসবাবপত্র এবং টেলিফোন সেট ভাঙচুর করেন। এর প্রতিবাদ করলে অভিযোগকেন্দ্রে কর্মরত আমিনুল হককে লাঞ্ছিত করেন । ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান পুলক জানান, ঝড়ের পর বিদ্যুৎ অভিযোগকেন্দ্রে অভিযোগ করার দুই দিন পেরিয়ে যাওয়ায় তিনি শুধু প্রতিবাদ জানাতে সেখানে গিয়েছিলেন। তবে কোনো ভাঙচুর করেননি।