বিদ্যুৎ-সংযোগের নামে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কথা বলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের সোনাপুকুর ব্রহ্মত্তোর গ্রামের ৪০ জন গ্রাহকের কাছ থেকে চার লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অভিযোগ, এ টাকা নিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পার্বতীপুর কার্যালয়ের দুই লাইনম্যান মোকছেদ আলী ও মো. সেলিম।
সোনাপুকুর ব্রহ্মত্তোর গ্রামের ভুক্তভোগী গ্রাহক দিনমজুর মনছুর আলী, সোহরাব ও কুদ্দুস আলী জানান, কোরবানির ঈদের আগে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কথা বলে তাঁদের গ্রামের ৪০ জন গ্রাহকের কাছ থেকে ১০ হাজার টাকা করে মোট চার লাখ টাকা আদায় করেন মোকছেদ ও সেলিম। তাঁদের এ কাজে সহায়তা করেন পার্বতীপুর পুরাতন বাজারের ইলেকট্রিশিয়ান নূর ইসলাম। গ্রাহকদের মধ্যে বিশ্বাস স্থাপনের জন্য তারা বাঁশ ও গাছের ডালের খুঁটি বসিয়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ লাইন তৈরি করে দেন। বিদ্যুৎ বিভাগের ওই দুই লাইনম্যান উপস্থিত থেকে লাইন স্থাপনের কাজও তদারক করেন। এরপর গ্রাহকদের নামে মিটার বরাদ্দ হওয়ার কথা জানালে গ্রামের সোহরাব, কুদ্দুস, আইন উদ্দীন, আমিনুলসহ অনেকেই বাড়তি দেড় হাজার থেকে দুই হাজার টাকা খরচ করে বাড়ির ওয়্যারিংয়ের কাজও করেন। এ সময় তাঁরা এক ব্যক্তিকে গ্রামে এনে পিডিবির আবাসিক প্রকৌশলী বলে পরিচয় করিয়ে দেন। কিন্তু তিন মাস চলে গেলেও বিদ্যুৎ-সংযোগ না পাওয়ায় গ্রামবাসী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবাসিক প্রকৌশলীর দপ্তরে যোগাযোগ করলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সোনাপুকুর ব্রহ্মত্তোর গ্রামে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সংযোগ আছে। পাশেই একটি এলাকায় বাঁশ ও গাছের খুঁটি বসিয়ে নতুন লাইন স্থাপন করা হয়েছে। এ সময় গ্রামের প্রবীণ বাসিন্দা মেছের উদ্দিন জানান, ওই সময় বাদ পড়া শতাধিক গ্রাহককে পিডিবির নতুন সংযোগ দেওয়ার কথা বলে প্রতারণার এ নাটক সাজিয়েছে বিদ্যুৎ অফিসের দুর্নীতিবাজ কর্মচারীরা।
অভিযুক্ত লাইনম্যান মোকছেদ আলী বলেন, ‘গ্রামের লোকেরা নিজেরাই বিদ্যুৎ লাইন তৈরি করেছে। এর সঙ্গে আমরা কোনোভাবেই জড়িত নই।’ একই ধরনের কথা বলেন মো. সেলিমও।
এ ব্যাপারে পার্বতীপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আশরাফুল আলম বলেন, ‘পল্লী বিদ্যুতের সংযোগ আছে এমন কোনো গ্রামে পিডিবির সংযোগ দেওয়া বিদ্যুৎ আইনের পরিপন্থী। তবুও আমরা বিষয়টি তদন্ত করে দেখব।’
পিডিবির পার্বতীপুর কার্যালয়ের আবাসিক প্রকৌশলী কাজী ইউনুস আলী বলেন, ‘অবৈধ সংযোগ তো দূরের কথা একটি খুঁটি পর্যন্ত বাড়ানোর ক্ষমতা আমার নেই। নতুন কোনো গ্রামে বিদ্যুৎ-সংযোগ দিতে হলে এলাকায় জরিপ চালাতে হয়। নকশা অনুমোদন ছাড়াও এপিপি অনুমোদনের পর সেটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পাশ করাতে হয়। প্রকল্পের কাজ হলেও স্থানীয় সাংসদের অনুমতির প্রয়োজন পড়ে। ব্রহ্মত্তোর গ্রামে যে লাইন তৈরি করা হয়েছে তার কোনো আইনগত ভিত্তি নেই।’