বিদ্যুৎ-সংযোগের নামেপ্রতারণা
প্রায় চার বছর আগে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে বিদ্যুতের লাইন টানা হয়। সংযোগও দেওয়া হয়। পরে গ্রাহকেরা জানলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই লাইনটি টানা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহকদের বিরুদ্ধে মামলাও করেছে। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে।
ভুক্তভোগী কয়েকজন জানান, জাঙ্গালিয়া গ্রামের একাংশ দীর্ঘদিন বিদ্যুৎহীন ছিল। ২০০৯ সালে স্থানীয় বেসরকারি বিদ্যুৎকর্মী (লাইনম্যান) আকুল মিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) কুলাউড়া কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এলাকায় বিদ্যুতের লাইন টানার উদ্যোগ নেন। এ কাজের জন্য আকুল দুই লাখ ৩০ হাজার টাকা দাবি করেন। গ্রামের ২৫ জন সচ্ছল ব্যক্তি চাঁদা তুলে ওই টাকা দেন। পরে ৩০টি পাকা খুঁটি স্থাপন করা হয় এবং পাশের সমাই বাজারের কাছের একটি ট্রান্সফরমার থেকে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ দুই তারের লাইন টানা হয়। ওই লাইন থেকে ২৫ জন গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। এরপর মিটার স্থাপনের জন্য প্রত্যেক গ্রাহকের কাছ থেকে আরও পাঁচ হাজার টাকা করে নেন আকুল। ২০১১ সালের মার্চ মাসের দিকে বিউবোর কয়েকজন কর্মকর্তা জাঙ্গালিয়া এলাকা পরিদর্শন করে লাইনটিকে ‘অবৈধ’ চিহ্নিত করেন এবং গ্রাহকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে মামলা করেন। ভুক্তভোগী ব্যক্তিদের ভাষ্যমতে, মামলা নিষ্পত্তিসহ বিলের কাগজপত্র ঠিক করে দেওয়ার কথা বলে আকুল তৃতীয় দফায় তাঁদের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা নেন। এর কয়েক দিন পর আকুল গা ঢাকা দেন। ওই মামলায় গ্রাহকদের অনেকেই আদালত থেকে জামিন পেয়েছেন। আবদুল করিম, আবদুস সাত্তার, আবদুর রবসহ কয়েকজন ভুক্তভোগী জানান, বিদ্যুৎ পাওয়ার আশায় সহজে বিশ্বাস করে তাঁরা আকুলকে টাকা-পয়সা দিয়েছেন। এখন মামলা-মোকদ্দমায় তাঁরা বিপদে পড়েছেন। তাঁরা জানান, সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। তাঁদের বাড়িতে বিদ্যুৎ জ্বলছে। বছরের পর বছর ধরে মিটারে ব্যবহূত বিদ্যুতের ইউনিট জমা হচ্ছে। বিল না পাওয়ায় পরিশোধ করতে পারছেন না। মুঠোফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করলে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে আকুল মিয়া এ প্রতিবেদককে বলেন, ‘বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আগে আলোচনা করেই লাইন টানা হয়। এখন অবৈধ কীভাবে হলো বুঝতে পারছি না। এলাকার মানুষের ভালোর জন্য কাজ করছি। এখন লজ্জায় বাড়িঘর ছেড়ে আছি।’ বিদ্যুৎ বিভাগের কোন কোন কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে জানতে চাইলে আকুল বলেন, ‘অনেক আগের ঘটনা। কারও নাম মনে করতে পারছি না।’ জুড়ীতে দায়িত্বে থাকা বিউবোর কুলাউড়া কার্যালয়ের সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, জাঙ্গালিয়ায় লাইন টানার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি নেওয়া হয়নি। লাইনটি অবৈধ। আকুল এলাকাবাসীর সঙ্গে প্রতারণা করে এ কাজটি করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কীভাবে ট্রান্সফরমার থেকে লাইন নেওয়া হলো—জানতে চাইলে দেলোয়ার হোসেন বলেন, ‘অবশ্যই অফিসের (কার্যালয়) কেউ না কেউ এ কাজে জড়িত ছিলেন। কারা ছিলেন তা জানি না। কারণ, আমি অনেক পরে যোগ দিয়েছি।’ তিনি জানান, লাইনটির শেষ প্রান্তে কয়েকটি মিটারের কাগজপত্র কোনোভাবে গ্রাহকেরা ঠিকঠাক করে ফেলেছেন। তাই আইনি জটিলতায় লাইনটি কাটা যাচ্ছে না। আবার লাইনটিকে বৈধও করা যাচ্ছে না।