বিদ্যুৎ সমস্যা সমাধানে টেলিযোগাযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরশাদ মনসুর
আরশাদ মনসুর

পেছনে তাকিয়ে যখন ভাবি কোন সিদ্ধান্তটি আমার এখনকার জীবনকে নির্মাণ করেছে, আমার মনে পড়ে ১৯৮৮ সালের কথা। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আমি তখন। তড়িৎকৌশলের কোন বিশেষ দিকটিতে আমি পড়তে চাই তা নির্বাচন করতে হয়েছিল। সে সময়ে স্রোতের বিপরীতে গিয়েই আমি বেছে নিই বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ। সেটা আমার ভাগ্যই ছিল, নাকি দূরদৃষ্টি তা জানি না। ২৫ বছর পর এই সময়ে উন্নত দেশগুলোতে বিদ্যুৎ আর টেলিযোগাযোগ শিল্প এখন একই কেন্দ্রে এসে মিলিত হচ্ছে। বাংলাদেশের জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে ইন্টারনেট, টেলিযোগাযোগ অর্থাৎ তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিজেদের বিদ্যুৎ-ব্যবস্থাকে শক্তিশালী করা।
চিন্তার এই ট্রেনে চড়ে কীভাবে আমি টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশের বিদ্যুতের সমস্যার সমাধান করার গন্তব্যে পৌঁছাতে চাইছি, এটাই ভেবে হয়রান হচ্ছেন তো? হতেই পারেন। বিদ্যুৎ-সমস্যার সমাধান বলতেই তো আমরা ভাবি কীভাবে আরও বেশি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বানানো যায় আরও সঞ্চালন লাইন (ট্রান্সমিশন লাইন) তৈরি করা যায়, এমনকি স্বপ্ন দেখছি রাশিয়ার সঙ্গে মিলে পারমাণবিক শক্তি কেন্দ্র (প্ল্যান্ট) বানানোর। তাহলে টেলিযোগাযোগ, ইন্টারনেট বা মোবাইল ফোনের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ-সমস্যা সমাধানের যোগ কী, কীভাবেই বা এ থেকে সমাধান বের করা যায়।

যুক্তরাষ্ট্র এবং অন্যান্য উন্নত দেশে আমরা কী করছি তা ব্যাখ্যা করি। এসব কৌশল বাংলাদেশের বেলায়ও খাটে, বরং আমাদের শক্তিশালী টেলিযোগাযোগ নেটওয়ার্ক থাকায় আমরা এ ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারি। কিছু উদাহরণ দিই।

এখন যেমন বিকাশের মাধ্যমে মোবাইল ফোন দিয়েই আপনি টাকা আদান-প্রদান করতে পারেন, তেমনিভাবে বিদ্যুৎ আদান-প্রদানও সম্ভব। আপনি বিদ্যুৎ কিনতে পারবেন, কতটুকু ব্যবহার করলেন তা দেখতে পারবেন, যখন তা ফুরিয়ে যাবে তখন মোবাইল ফোন দিয়ে রিচার্জ করেও নিতে পারবেন। ভাবুন তো, এর ফলে কতটা পরিবর্তন আসবে গ্রাহকদের ব্যবহারে। বিদ্যুৎ ফুরিয়ে যাচ্ছে দেখলেই এবং আপনি মোবাইল ফোন দিয়ে ঘরের বাতি নিভিয়ে দিতে পারবেন। এটি আপনাকে বিদ্যুৎ ব্যবহারে আরও সচেতন করবে এবং বিদ্যুৎসাশ্রয়ী পণ্য যেমন সিএফএল বাতি কিনতে উৎসাহিত করবে। কারণ, আপনি যখন দেখতেই পাচ্ছেন কতটা বিদ্যুৎ বাঁচাতে পারলেন, ঠিক যেমন মোবাইল ফোনের ব্যালান্স বা বিকাশ অ্যাকাউন্টের লেনদেন দেখতে পান।

একবার কল্পনা করুন, আপনি এসএমএসের মাধ্যমে জানতে পারছেন যে কয়েক ঘণ্টার জন্য কয়েকটি বাতি বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখলে আপনার বিদ্যুতের বিল কম আসবে। ধরা যাক, রাতের বেলায় বা ছুটির দিনে বার্তা এল যে পরের তিন ঘণ্টা বিদ্যুৎ বিল কম আসবে, ফলে তখন আপনি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ছেড়ে ঘরটা ঠান্ডা করে নিতে পারবেন। আবার পানির পাম্প চালিয়ে ট্যাংকি ভরে রাখতে পারেন। আপনি এখন শুধু একজন সাধারণ ক্রেতা ও ব্যবহারকারীই নন বরং আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন কতটা বিদ্যুৎ খরচ করবেন এবং এটাই বিদ্যুৎ গ্রিডের জন্য অনেক বড় সুফল বয়ে আনবে। আপনি বিদ্যুৎ গ্রিড এমনভাবে নকশা করেন, যাতে প্রয়োজনের সময়ে (পিক আওয়ার) সর্বোচ্চ পরিমাণে বিদ্যুৎ পাওয়া যায়। যেমন খুব গরমের দিনে অনেক বেশি বিদ্যুতের চাহিদা থাকতে পারে। সেটা হয়তো বছরে একবারই প্রয়োজন হবে। ভোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে আমরা পিক আওয়ারে চাহিদা কমাতে পারব এবং কম চাহিদার সময়ে বিদ্যুতের ব্যবহার বাড়াতে পারব।

ভেবে দেখুন, এর ফলে লোডিশেডিং কমানোও সম্ভব হবে। ক্রেতাদের সঙ্গে যথাযথ যোগাযোগ ও বিপণনের মাধ্যমে আমরা বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহারের মাত্রা কমিয়ে ফেলতে পারব। হয়তো ঘণ্টা চারেক আপনার এসি বন্ধ করে রাখতে হবে, কিন্তু আপনি টেলিভিশনে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচটি সরাসরি দেখতে পারবেন। কারণ, লোডশেডিং হচ্ছে না, আপনার বিদ্যুৎ সরবরাহ চালু আছে।

আপনাকে এসএমএসে জানিয়ে দেওয়া যাবে যে বিদ্যুৎ থাকলেও এখন যদি আপনি ইউপিএস চালু করেন তাহলে বিল কম আসবে। আপনি কি তা করতে চাইবেন না? আপনার বাড়ির ইউপিএস কাজে লাগিয়েই বিদ্যুতের সংকট মোকাবিলা করা যাচ্ছে, ফলে চাপ কমাতে লোডশেডিংয়ের আর প্রয়োজন পড়ছে না।

মোবাইল ফোনের নেটওয়ার্ক ব্যবহার করে বিদ্যুৎ কোম্পানিগুলো আপনার বিদ্যুৎ ব্যবহার নজরে রাখতে পারে এবং প্রয়োজনমতো বন্ধও করে দিতে পারে। কতটা বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, কতটা দেওয়া হচ্ছে এবং কী পরিমাণ টাকা পরিশোধ করা হচ্ছে তার একটা সমন্বয়ও রাখা যাবে। অন্যান্য উন্নয়নশীল দেশের মতোই বাংলাদেশেও বিদ্যুৎ চুরি হওয়াটা একটা বড় সমস্যা। কিন্তু মোবাইল ফোনের মিনিট চুরি করা নিয়ে কোনো সমস্যা নেই। কেন? কারণ, আমরা দেখতে পারি কোন সময়ে মোবাইল ফোন ব্যবহার করা হচ্ছে এবং আমরা সহজেই মোবাইল ফোনের অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারি। এ জন্য কাউকে পাঠিয়ে মিটার বা সুইচ বন্ধ করার প্রয়োজন হয় না। মোবাইল ফোন নেটওয়ার্ক ব্যবহার করে আমরা বিদ্যুতের বেলায়ও এই সুবিধা নিতে পারি। এর ফলে মোট বিদ্যুৎ অপব্যবহারের প্রায় ১০ থেকে ২০ শতাংশ কমিয়ে ফেলা সম্ভব।

এসব তো গেল উদাহরণ। যাতে বোঝা যায় কীভাবে টেলিকম নেটওয়ার্ক ও বিদ্যুৎ নেটওয়ার্কের সমন্বয় ঘটিয়ে লাখ লাখ মানুষকে এই সমস্যা সমাধানে অংশীদার করা যায়। এটা আর কল্পনা নয়। এটি আমরা এখনই বাস্তবায়ন করতে পারি। বিশ্বের নানা দেশে আমরা তা করছিও। যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক শক্তি গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান হিসেবে আমি খুবই ভাগ্যবান যে বিদ্যুতের ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখতে পারছি। আমাদের গবেষণাগুলো এখন বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশের গবেষকদের কাছেই উন্মুক্ত। এসবের মধ্যেই আছে টেলিযোগাযোগ আাার বিদ্যুতের সমন্বয়ের ভিত। এ কাজের শুরুটা হবে স্মার্ট বৈদ্যুতিক মিটারের ব্যাপক ব্যবহার দিয়ে। গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে সাড়ে তিন কোটি বৈদ্যুতিক মিটার বদলে স্মার্ট মিটার করা হয়েছে। স্মার্ট মিটার হলো বৈদ্যুতিক মিটার আর মোবাইল ফোনের সমন্বয়। একটি যন্ত্রে এই দুই-ই আছে, যার মাধ্যমে আমার বলা সব কথাই কাজে পরিণত করা যাবে। বাংলাদেশের মতো দেশ, যেখানে আছে শক্তিশালী মোবাইল ফোন নেটওয়ার্ক কিন্তু বৈদ্যুতিক নেটওয়ার্ক দুর্বল, সেখানে এই স্মার্ট মিটার আদর্শ হতে পারে।

আমি মনে করি এরপরও আমাদের বৈদ্যুতিক প্ল্যান্ট নির্মাণের প্রয়োজন আছে। বিদ্যুৎ পরিবহন ও বিতরণের যথাযথ ব্যবস্থা নেওয়াও দরকার। তবে এই সমন্বয় করা গেলে আমাদের বর্তমান অবকাঠামোকেই আরও ভালোভাবে কাজে লাগানো যাবে, বিদ্যুৎ চুরি কমানো যাবে এবং ভোক্তাদের অংশগ্রহণেই বিদ্যুতের চাহিদার চাপ কমানো যাবে। পুরো এলাকায় লোডশেডিংয়ের মতো শক্ত ব্যবস্থা না নিয়ে বাতি বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ করেই চাপ কমানো সম্ভব।

বাংলাদেশে আমরা কীভাবে এই সমন্বয়ের কাজটি করতে পারি? বুয়েট এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিভাবান প্রকৌশলী ও বিজ্ঞানীদের কাজে লাগিয়ে আমরা এটি করতে পারি। জাতীয় পর্যায়ের নেতৃত্বে এঁরা এই কাজটির একটা নকশা তৈরি করে দেবেন। যেভাবে আমরা মাত্র দুই বছরেই ১৪ কোটি বাংলাদেশির জন্য ভোটার পরিচয়পত্র তৈরি করে ফেলেছি। ইচ্ছা থাকলে উপায় তো হবেই।

এ কাজে আমি খুব আনন্দ নিয়েই সাহায্য করতে চাই। যুক্তরাষ্ট্রে আমার চাকরির কারণে বাংলাদেশে আসার সুযোগ খুব কম। তবে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমি দূর থেকেও সব সময়ই তাঁদের সঙ্গে যুক্ত থাকতে পারব। এই কাজের নকশা তৈরি এবং এর বাস্তবায়নের জন্য জাতীয় নেতা এবং মোবাইল ও বৈদ্যুতিক নেটওয়ার্কের প্রতিষ্ঠানগুলোকে আমি যথাযথ পথনির্দেশনা দিতে পারলে খুশি হব। এ কাজটির জন্য আমাদের বিদেশ থেকে বিশেষজ্ঞ আনার প্রয়োজন নেই। বাংলাদেশেই যথেষ্ট প্রতিভাবান আছেন। সঠিক নির্দেশনা এবং জাতীয় পর্যায়ের সাহায্য পেলেই এটি বাস্তবায়ন করা সম্ভব।

বহু বছর ধরে চলে আসা বাংলাদেশের বিদ্যুৎ-সমস্যা সমাধানের জন্য কাজ করার সময় এসেছে এখনই। বাংলাদেশেরই প্রকৌশলী এবং প্রযুক্তিবিদেরাই এটি করতে পারেন।

ইংরেজি থেকে অনূদিত

আরশাদ মনসুর

যুক্তরাষ্ট্রের বিদ্যুৎশক্তি ইনস্টিটিউটের (ইপিআরআই) জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট। গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। নয় মাস বুয়েটে শিক্ষকতা করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমএস আর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিদ্যুৎ নিয়ে মৌলিক গবেষণার জন্য আন্তর্জাতিক খ্যাতি আছে আরশাদ মনসুরের।