বিদ্যুৎ-সমস্যা সমাধানের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৮ ঘণ্টার মধ্যে সাতক্ষীরায় বিদ্যুৎ-সমস্যার সমাধান না হলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বাসার সংযোগ বিচ্ছিন্ন করার কর্মসূচি দিয়েছে সাতক্ষীরা নাগরিক কমিটি। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল শেষে সাতক্ষীরা বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে অব্যাহত আন্দোলনের মুখে সাতক্ষীরা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী তবিবুর রহমানকে গতকাল খুলনায় বদলি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল আটটা থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে জড়ো হন। পরে ঝাড়ু মিছিল, প্রতিবাদ সমাবেশে ও ঘেরাও কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, শেখ আজাদ হোসেন, আলী নুর খান, মফিজুল হক, সুধাংশু সরকার প্রমুখ। বক্তারা বলেন, সাতক্ষীরা শহরে প্রায় প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। মাসের পর মাস পৌরসভার পানি সরবরাহ নেই। এসব সমস্যার সমাধানের কোনো উদ্যোগ নেই। বিদ্যুৎ সাবস্টেশন থেকে আর্থিক সুবিধা নিয়ে রাজবাড়ীতে পাঠানো ট্রান্সফরমার ফেরত আনাসহ ৪৮ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বাসায় ও অফিসের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।