বিদ্যুৎ সম্পর্কিত মামলা দ্রুত নিষ্পত্তির সুপারিশ সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদ ভবন
ফাইল ছবি

বিদ্যুৎ সম্পর্কিত সব মামলা দ্রুত নিষ্পত্তির সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এ সংক্রান্ত সব মামলার তালিকা করে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে আলাদা বেঞ্চ গঠন করার ব্যবস্থা নিতে বলেছে কমিটি। বৈঠকে দেশের জেলা ও উপজেলার পোস্টপেইড বিদ্যুৎ মিটারকে স্মার্ট প্রি-পেইড মিটারে প্রতিস্থাপন কার্যক্রম আরও জোরদারের সুপারিশ করা হয়।

সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে সংসদীয় কমিটি জনগণের অর্থ সাশ্রয়ের জন্য দ্রুততম সময়ে রেন্টাল/কুইক রেন্টাল বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনার উদ্যোগ নেওয়া সুপারিশ করেছিল।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে বিভিন্ন সময়ে ৩৩টি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে মোট ২ হাজার ১৮৭ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা হয়। এর মধ্যে ১ হাজার ৯৮ মেগাওয়াট ক্ষমতার ১৭টি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র মেয়াদ শেষে অবসরে গেছে এবং ৪৩৭ মেগাওয়াট ক্ষমতার ৫টি বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী বৃহৎ বিদ্যুৎকেন্দ্রগুলো যথাসময়ে বাস্তবায়িত না হওয়ায় কিছু বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়ানো হয়েছে। বর্তমানে ৬৫২ মেগাওয়াট ক্ষমতার ১১টি বিদ্যুৎ কেন্দ্র চালু আছে, যা ২০২৪ সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে।

কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এস এম জগলুল হায়দার, নূরুল ইসলাম তালুকদার, আছলাম হোসেন, খালেদা খানম, নার্গিস রহমান এবং নুরুজ্জামান বিশ্বাস অংশ নেন।