বিদ্যুৎ সরবরাহ চালু করা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় গত দুই দিনেও বিদ্যুৎ সরবরাহ চালু করা যায়নি। ঝড়ের তাণ্ডবে বিতরণ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে পড়ায় গত বুধবার দুপুর থেকে দুটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে দুই উপজেলায় ১৫ হাজার গ্রাহক দুর্ভোগে পড়েছেন।
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির রামগতি আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এমরান গণি জানান, গাছপালা পড়ে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুতের সঞ্চালন লাইন ছিঁড়ে গেছে। কয়েকটি স্থানে খুঁটি ও টাওয়ার ভেঙে পড়েছে। এ কারণে চাঁদপুর গ্রিড থেকে রামগতি বিতরণ-উপকেন্দ্র পর্যন্ত ৮৫ কিলোমিটার ৩৩ কেভি লাইনটি চালু করা যাচ্ছে না।
রামগতি আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (অপারেশন ও মেইনটেন্যান্স) তাজুল ইসলাম গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে জানান, ঝড়ের পর বুধবার বেলা দুইটা থেকে ঠিকাদারের লোকজনসহ তাঁদের ১১টি দল বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য বিরতিহীনভাবে কাজ করছে। তিনি জানান, রাতের (বৃহস্পতিবার) মধ্যে চাঁদপুর গ্রিড থেকে উপকেন্দ্র পর্যন্ত লাইনটি সচল করা সম্ভব হলে রামগতি ও কমলনগর উপজেলা সদরে বিদ্যুৎ দেওয়া যাবে। তবে পুরো এলাকায় বিতরণ ব্যবস্থা স্বাভাবিক করতে আরও দুই-তিন দিন সময় লাগবে।
নোয়াখালীতে চারটি শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত: নোয়াখালী অফিস জানায়, জেলার সুবর্ণচরে ঘূর্ণিঝড়ে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা ও আশ্রয়ণ প্রকল্পের সাতটি ব্যারাকের ৬০টি কক্ষ বিধ্বস্ত হয়েছে। বুধবার রাতে ঘূর্ণিঝড়ে এই ক্ষতি হয়েছে।
উপজেলার চরবাটা ইউনিয়নের হারুনুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিক উল্লা জানান, ঝড়ে বিদ্যালয়ের টিনের চালা উড়ে যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলমগীর হোসেন জানান, ঘূর্ণিঝড়ে তাঁর ওয়ার্ডের দক্ষিণ চরমজিদে সরকারি আশ্রয়ণ প্রকল্পের সাতটি ব্যারাকের ৬০টি কক্ষের টিনের চালা বিধ্বস্ত হয়েছে। এতে ওই কক্ষগুলোতে বসবাসকারী পরিবারগুলো চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।
ব্যারাকের বাসিন্দা জরিনা খাতুন জানান, ঝড়ে চাল উড়ে যাওয়ায় এখন খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে। নতুন টিন কিনে চাল মেরামতের সামর্থ্যও তাঁদের নেই।
চরজব্বার ইউপির চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, ঘূর্ণিঝড়ে তাঁর ইউনিয়নের পশ্চিম জাহাজমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর জাহাজমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাইয়াখালী দাখিল মাদ্রাসার টিনশেড ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বিধ্বস্ত হয়েছে ১০টি কাঁচা ও টিনশেড ঘর।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক হোসেন জানান, ঘূর্ণিঝড়ে চরবাটা প্রাথমিক বিদ্যালয় ও আশ্রয়ণ প্রকল্পের ব্যারাক ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য স্থানীয় ইউপি চেয়ারম্যান তাঁকে জানিয়েছেন।