বিদ্যুৎ সরবরাহব্যবস্থা বিকল হওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিদ্যুৎ সঞ্চালন ও সরবরাহ লাইনগুলো যেকোনো মুহূর্তে বিকল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। চার দশক ধরে ব্যবহারের কারণে কার্যক্ষমতা হ্রাস পাওয়া ট্রান্সফরমারগুলোর ওপর গ্রাহকসংখ্যা বৃদ্ধির অতিরিক্ত লোড সৃষ্টি হওয়ায় এ আশঙ্কা দেখা দিয়েছে বলে গতকাল সোমবার প্রথম আলোকে পিডিবির প্রকৌশলীরা জানিয়েছেন। পিডিবি বান্দরবানের নির্বাহী প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী ঝুঁকির কথা স্বীকার করে বলেছেন, বান্দরবান সদর উপজেলাসহ তিনটি উপজেলায় (রুমা ও রোয়াংছড়ি) বিদ্যুৎ সঞ্চালন ও সরবরাহ লাইনে ১০৫টি ট্রান্সফরমার রয়েছে। এগুলোর মধ্যে ২৮-৩০টি ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণগুলোর মধ্যেও অধিক ঝুঁকিতে রয়েছে আরও ১০-১২টি ট্রান্সফরমার। সরবরাহ লাইনের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, ঝুঁকিপূর্ণ ট্রান্সফরমারগুলো বিকল হয়ে পড়লে দ্রুত পুনঃস্থাপন করার মতো একটি ট্রান্সফরমারও নির্বাহী প্রকৌশলীর দপ্তরে মজুত নেই। প্রকৌশলীরা জানান, প্রায় ৪০ বছর আগে ৩৩ কেভির দোহাজারী থেকে বান্দরবানে মূল সঞ্চালন ফিডার লাইন স্থাপন করা হয়েছে। সঞ্চালন লাইন থেকে সরবরাহ লাইনগুলোও সেই সময়ে করা হয়েছিল। সহকারী প্রকৌশলী আশুতোষ বড়ুয়া বলেন, ট্রান্সফরমারগুলো স্থাপনের প্রাক্কালে বিদ্যুতের গ্রাহক কম ছিল। কিন্তু ট্রান্সফরমারগুলো পুরোনো হয়ে যেমন কার্যক্ষমতা হ্রাস পেয়ে আসছে, তেমনি গ্রাহকসংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় কার্যক্ষমতা হ্রাস পাওয়া ট্রান্সফরমারের ওপর লোড বেড়ে যাওয়ায় সেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নির্বাহী প্রকৌশলী তাৎক্ষণিক সংকট মোকাবিলায় মজুত ট্রান্সফরমার না থাকার কথা স্বীকার বলেন, ট্রান্সফরমারের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। সপ্তাহ খানেকের মধ্যে তাৎক্ষণিক সংকটের জন্য রাঙামাটি থেকে দু-তিনটি ট্রান্সফরমার আনা হবে এবং অন্য ট্রান্সফরমার ক্রমান্বয়ে পাওয়া যাবে।