বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় ত্রুটির কারণে সাত মাস ধরে বন্ধ রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসের কার্যক্রম। বন্ধ আছে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের কম্পিউটার ও ২০টি ফটোকপির মেশিনও। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের কাছে বারবার ধরনা দিয়েও লাভ হচ্ছে না বলে কর্তৃপক্ষের অভিযোগ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম ইমামুল হক বলেন, ‘আমরা চরম বিপদে আছি। বিদ্যুতের কারণে একটা মেইল পর্যন্ত করতে পারছি না। কিছু সময়ের জন্য বিদ্যুৎ থাকলেও কম ভোল্টেজের কারণে মাল্টিমিডিয়া, কম্পিউটার কোনো কিছুই ব্যবহার করা যাচ্ছে না।’
সমস্যার দ্রুত সমাধান হচ্ছে বলে দাবি পল্লী বিদ্যুৎ বরিশালের উপমহাব্যবস্থাপক মো. ফজলুর রহমানের। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় পৃথক ট্রান্সফরমার না থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। তবে ওই এলাকায় বর্তমানে একটি সাবস্টেশন নির্মাণের কাজ চলছে। ওই কাজ শেষ হলে সমস্যার সমাধান হয়ে যাবে।
২০১১ সালে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুতে শহরে অস্থায়ী ক্যাম্পাসে চলে আসছিল। গত জানুয়ারিতে মূল শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে স্থায়ী ক্যাম্পাসে পূর্ণাঙ্গভাবে শুরু হয় শিক্ষা কার্যক্রম।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অস্থায়ী ক্যাম্পাস থেকে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার পর থেকেই সমস্যার শুরু। দিনের অধিকাংশ সময়ে ক্যাম্পাসে বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ থাকলেও লো-ভোল্টেজ। এর ফলে ক্লাসের মাল্টিমিডিয়ার কোনো ব্যবহার নেই।
বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুরশীদ আবেদীন জানান, বিশ্ববিদ্যালয়ের জন্য প্রায় এক হাজার কিলোওয়াট বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু বিদ্যুৎ বিভাগ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করছে না। দিনের অধিকাংশ সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। যতটুকু সময়ে বিদ্যুৎ থাকে, সে সময়েও লো-ভোল্টেজের কারণে মাল্টিমিডিয়া, কম্পিউটার, ফটোকপির মেশিন, এসি—কোনো কিছুই চালানো যায় না।
বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. হুমায়ুন কবির বলেন, ক্যাম্পাসে বিদ্যুৎ-সমস্যা প্রকট। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে ক্লাস করতে হয়। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়ার কথা থাকলেও বিদ্যুতের সমস্যার কারণে তা সম্ভব হচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু তাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয় এলাকায় লো-ভোল্টেজের বিষয়ে পল্লী বিদ্যুৎ বরিশালের উপমহাব্যবস্থাপক ফজলুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি মিটার থেকে অনেক সংযোগ নিয়েছে। এ কারণে লো-ভোল্টেজ হয়ে থাকতে পারে।
বর্তমানে ছয়টি অনুষদের ১৬টি বিভাগে চার হাজার শিক্ষার্থী রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ে। আগামী শিক্ষাবর্ষে এর সঙ্গে যুক্ত হবেন আরও দুই হাজার শিক্ষার্থী।