বিদ্যুৎ সরবরাহের দাবিতে কার্যালয় বাসভবন ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ সরবরাহের দাবিতে গ্রাহকেরা গত বুধ ও বৃহস্পতিবার রংপুরের বদরগঞ্জ পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয় ও কর্মকর্তার বাসভবন ঘেরাও করেন। কিছুদিন আগে বদরগঞ্জ পৌরসভার দুটি এলাকা থেকে চারটি ট্রান্সফরমার চুরি হয়। এতে ওই দুই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি রাতে বদরগঞ্জ পৌর শহরের এলএসডি সড়ক থেকে একটি এবং জামুবাড়ী ডাঙ্গাপাড়া এলাকা থেকে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। এ কারণে ওই ট্রান্সফরমারগুলোর আওতাধীন ১২৬ জন গ্রাহক চার দিন ধরে অন্ধকারে রয়েছেন। একই কারণে এ দুই এলাকার তিনটি করাত, তিনটি চালকলসহ ৩৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা গ্রাহকদের ট্রান্সফরমার কেনার জন্য টাকা দিতে বলেন। কিন্তু টাকা না দেওয়ায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে নতুন ট্রান্সফরমার দেওয়া হয়নি।এতে ক্ষুব্ধ হয়ে গ্রাহকেরা ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ সরবরাহের দাবিতে গত বুধবার রাত আটটার দিকে পল্লী বিদ্যুতের বদরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপকের সিও সড়কের বাসভবন এবং গত বৃহস্পতিবার দুপুরে আঞ্চলিক কার্যালয় ঘেরাও করেন।পল্লী বিদ্যুতের বদরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জাকির হোসেন বলেন, ‘চুরি যাওয়া ট্রান্সফরমারগুলোর দাম প্রায় আট লাখ টাকা। বিধিমোতাবেক সংশ্লিষ্ট গ্রাহকদেরই ট্রান্সফরমার কিনে লাগাতে হবে।’