বিদ্যুৎ সাশ্রয়ী বাতি নষ্ট হচ্ছে গ্রাহকদের ভোগান্তি
কক্সবাজারের রামু উপজেলায় গ্রাহকদের মধ্যে বিতরণ করা বিদ্যুৎ সাশ্রয়ী বাতির (এনার্জি সেভিং বাল্ব) মধ্যে বেশ কিছু নষ্ট হয়ে গেছে। এর মধ্যে কিছু বাতি কম আলো দিচ্ছে। বিদ্যুতের গ্রাহকেরা এসব অভিযোগ করেছেন। এ কারণে তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছে। গত বছরের সেপ্টেম্বর মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গ্রাহকদের মধ্যে বিনা মূল্যে এসব বাতি বিতরণ করে।গ্রাহকেরা অভিযোগ করেন, বিনা মূল্যে সরবরাহ করা এসব বাতি নিম্নমানের। অনেক বাতি লাগানোর কিছুদিন পরই নষ্ট হয়ে যায়।রামু বিদ্যুৎ সরবরাহ কার্যালয় সূত্রে জানা গেছে, এ প্রকল্পের আওতায় গত বছরের ২২ ও ২৩ সেপ্টেম্বর রামু উপজেলার দুই হাজার ৮৩৯ জন আবাসিক বিদ্যুৎ গ্রাহককে বিনা মূল্যে আট হাজার ৮৫৯টি বাতি দেওয়া হয়। বাতিগুলো ২৩ ও ১৪ ওয়াটের।অফিসের চর গ্রামের বিদ্যুতের গ্রাহক ওবায়দুল হক জানান, গত বছরের ২৩ সেপ্টেম্বর তাঁর কাছ থেকে তিনটি সাধারণ বৈদ্যুতিক বাতি জমা নিয়ে তিনটি বিদ্যুৎ সাশ্রয়ী বাতি দেওয়া হয়। তিনি বাড়ি এসে সংযোগ দিয়ে দেখেন একটি বাতি জ্বলে না। লাগানোর এক মাসের মধ্যে বাকি দুটি নষ্ট হয়ে যায়।রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক জানালেন, বাতিগুলোর মান এতই নিম্ন যে ১৫ দিনের মধ্যে তিনটি ভাল্ব নষ্ট হয়ে গেছে। মণ্ডলপাড়ার কাদের হোসেন জানান, তিনি ছয়টি সাধারণ বাতি দিয়ে সমসংখ্যক বিদ্যুৎ সাশ্রয়ী বাতি পান। কিন্তু এক সপ্তাহের মধ্যেই এসব বাতি নষ্ট হয়ে গেছে। রামু বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ে আবাসিক প্রকৌশলী কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, বাতিগুলো বিতরণের পরপরই গ্রাহকদের কাছ থেকে অভিযোগ আসা শুরু হয়েছে। প্রতিদিনই কোনো না কোনো গ্রাহক মুঠোফোনে অথবা সশরীরে এসে অভিযোগ দিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, ‘বাল্ব ক্রয়ের বিষয়টি জাতীয়ভাবে সম্পন্ন করা হয়েছে। এখানে আমাদের করার কিছু নেই।’ রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হক প্রথম আলোকে বলেন, ‘নিম্নমানের বাল্ব সরবরাহের বিষয়টি অনেকের মুখেই শুনেছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’