বিদ্যুৎই মানুষের পেছনে দৌড়াবে: মতিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ক্ষমতায় গেলে সারের পেছনে মানুষ নয়, মানুষের পেছনেই সার ঘুরবে বলেছিলাম। তেমনি নৌকায় যদি ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনেন, কথা দিচ্ছি, মানুষ বিদ্যুতের পেছনে নয়, বিদ্যুৎই মানুষের পেছনে দৌড়াবে। কৃষিমন্ত্রী বলেন, নৌকা আছে তো বিদ্যুৎ আছে। নৌকা নেই তো বিদ্যুৎ নেই।
গতকাল রোববার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী চেল্লাখালি নদীর ওপর বুরুঙ্গা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
যোগাযোগমন্ত্রী বলেন, আওয়ামী লীগের পাঁচ বছর এবং বিএনপির পাঁচ বছর—কে বেশি জনগণের জন্য কাজ করেছে? খালেদা জিয়ার চেয়ে শেখ হাসিনার সরকার যদি ভালো হয়, তাহলে নৌকায় ভোট দেবেন। আর ভালোটা বুঝবেন কীভাবে? কাজ দিয়ে, উন্নয়ন দিয়ে।
এর আগে গতকাল রোববার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শেরপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যোগাযোগমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ফাঁকা মাঠে নয়, সবাইকে নিয়েই নির্বাচন করতে চায়। গত শনিবার সিলেটে এক জনসভায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন। সিলেটে জনসভায় খালেদা জিয়া বলেছিলেন, একতরফা নির্বাচন করলে সংগ্রাম কমিটি দিয়ে তা প্রতিরোধ করা হবে। আওয়ামী লীগ একতরফা নির্বাচন করতে চায় বলে অভিযোগ করেন তিনি।