মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, ‘সুন্দরবনের প্রতি সরকারের অবহেলামূলক মনোভাব প্রবলভাবে বেমানান। এই অবহেলামূলক আচরণ দেখেই সম্ভবত বনখেকোদের ঔদ্ধত্যপূর্ণ অত্যাচার বৃদ্ধি পেয়েছে। আমরা বিদ্যুৎও চাই, কিন্তু অক্ষত সুন্দরবনও চাই।’
গতকাল মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ‘সুন্দরবন দিবস’ উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত শোভাযাত্রার আগে এক সমাবেশে সুলতানা কামাল এ কথা বলেন।
সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও এর ৫৩টি পরিবেশবাদী সংগঠন এই সমাবেশের আয়োজন করে। দিবসটির এবারের মূল প্রতিপাদ্য ‘সর্বোচ্চ ধ্বংসাত্মক সংকটের মুখে সুন্দরবন! সুন্দরবন রক্ষা করুন, প্রকৃতি বাঁচান, দেশ বাঁচান!’ আয়োজকেরা বলেন, ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলন, রূপান্তর ও কয়েকটি স্থানীয় সংগঠনের যৌথ উদ্যোগে খুলনায় সুন্দরবন-বিষয়ক একটি সম্মেলন হয়। সেখানে অংশ নেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। সম্মেলন থেকে গৃহীত প্রস্তাবের ভিত্তিতে প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি ঢাকায়, খুলনাসহ সারা দেশে আনুষ্ঠানিকভাবে বেসরকারি পর্যায়ে এই দিবস পালিত হয়ে আসছে।
গতকাল সকাল ১০টায় জাদুঘরের সামনে প্রতিবাদী গানের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। এরপর সমাবেশে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, সুন্দরবন প্রশ্নে সরকারি নির্লিপ্ততা ও যেনতেন প্রকারে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দৃঢ়তায় দেশবাসী উদ্বিগ্ন। জনগণ আবার একত্র হবে, সোচ্চার হবে সুন্দরবন বাঁচাতে।
সুলতানা কামাল আরও বলেন, সুন্দরবনকে ঘিরে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রসহ পরিবেশবিধ্বংসী বিভিন্ন প্রকল্প হুমকির মুখে ঠেলে দিচ্ছে। আমরা যেকোনো মূল্যে সুন্দরবনকে বাঁচাতে চাই।
সমাবেশ থেকে সুন্দরবনের ভেতরে ও এর আশপাশে নির্মাণাধীন সব সরকারি-বেসরকারি প্রকল্প ও স্থাপনা নির্মাণ অবিলম্বে বন্ধ করা, সুন্দরবনের অভ্যন্তরে নৌ-চলাচল হ্রাস করা, সেখানকার জনগোষ্ঠীর জন্য শিক্ষা ও জীবিকার ব্যবস্থাসহ ছয় দফা দাবি জানানো হয়।
সমাবেশ শেষে বেলা ১১টায় একটি শোভাযাত্রা বের হয়। এটি দোয়েল চত্বর হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।