বিদ্যুৎকর্মীকে বেঁধে নির্যাতন
পটুয়াখালীর বাউফল উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার মাসুম বিল্লাহকে (২৫) খুঁটির সঙ্গে বেঁধে অমানুষিক নির্যাতন করা হয়েছে। গত শনিবার সকালে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের জয়বাংলা বাজারে এ ঘটনা ঘটে।
পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল কার্যালয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে জয়বাংলা বাজার এলাকার বিদ্যুৎ গ্রাহকদের মিটারের রিডিং আনতে যান মাসুম বিল্লাহ। ওই বাজারের মোতাহার হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদারের (৩০) ব্যবসাপ্রতিষ্ঠানের মিটার রিডিং নিতে গেলে তিনি ব্যবহারের চেয়ে বেশি রিডিং ওঠে, এমন অভিযোগ তুলে মাসুম বিল্লাহকে গালমন্দ করেন। একপর্যায়ে ফিরোজ কয়েকজন সঙ্গী নিয়ে মাসুম বিল্লাহকে লোহার শিকল দিয়ে একটি খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে আহত করেন।
খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফিরোজ হাওলাদারকে আটক করে এবং মাসুম বিল্লাহকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ফিরোজ হাওলাদার মারধরের কথা স্বীকার করে জানান, তিনি যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেন, তার চেয়ে মিটারে বেশি রিডিং ওঠে। এ কারণে মিটারটি পরিবর্তন করার জন্য একাধিকবার বলা হলেও তা পরিবর্তন করেনি।