বিদ্যুৎকেন্দ্র আট মাস অচল, দুর্ভোগে ভোলাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় গ্যাসভিত্তিক সাড়ে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র আট মাস ধরে অচল। বারবার প্রতিশ্রুতি দিয়েও কেন্দ্রটি সচল করছে না কেন্দ্রের মালিক ভেঞ্চার এনার্জি রিসোর্স লিমিটেড। এতে চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়েছেন ভোলাবাসী।
প্রচণ্ড দাপদাহের মধ্যে বিদ্যুৎ-সংকটে জেলার ছয় উপজেলার লক্ষাধিক গ্রাহকের, জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে কলকারখানা। ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।
পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) ভোলা অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আলী বলেন, ‘ভোলায় ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ সমিতির লক্ষাধিক গ্রাহক। এই মুহূর্তে জেলায় ৩৪ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা। বরিশাল-পটুয়াখালী থেকে সাবমেরিন কেবেলর মাধ্যমে সাত-আট মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি। পানির মধ্য দিয়ে অনেক দূর থেকে আসায় প্রায়ই এই কেব্ল বিকল হচ্ছে। যা আসছে তাও লো-ভোল্টেজ। এ অবস্থায় ভোলায় উৎপাদিত গ্যাসভিত্তিক সাড়ে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র দ্রুত চালু করা একান্ত জরুরি। সেটি চালু হলে এ জেলায় বিদ্যুতের সমস্যা থাকবে না।’
সাড়ে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক হাফিজুর রহমান গত রোববার প্রথম আলোকে জানান, প্ল্যান্ট সংস্কারের কাজ শেষ। এখন কম্পিউটারাইজের কাজ চলছে। শিগগিরই উৎপাদনে যাবে।
গত বছরের ১১ আগস্ট কেন্দ্রটি অচল হওয়ার পর হাফিজুর সাংবাদিকদের বলেন, ১৫ দিনের মধ্যে মেরামতকাজ করে ফেলবেন। এরপর তিনি একাধিকবার প্রতিশ্রুতি দিয়েও বিদ্যুৎকেন্দ্র সচল করতে পারেননি।
দুর্ভোগে রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ: বিদ্যুতের অভাবে ভোলা সদর হাসপাতালসহ ছয় উপজেলার ১০টি হাসপাতালের সহস্রাধিক রোগী ও রোগীর আত্মীয়রা চরম ভোগান্তিতে আছেন।
শনিবার ভোলা সদর হাস-পাতালে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় গরমে রোগীদের মানবেতর অবস্থা। শৌচাগারে পানি নেই, প্রকট দুর্গন্ধ।
শিশু ওয়ার্ডের এক রোগীর বাবা মো. শাজাহান বলেন, ‘পুতের লগে পুতের মায় অসুস্থ অই গেছে, কিয়ারুম কইতাম পারি না। গরম আর সোইয্য অয় না।’
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সন্তোশ কুমার বলেন, ‘২৪ ঘণ্টায় তিন-চার ঘণ্টা বিদ্যুৎ পাই। তাও একসঙ্গে নয়। পাঁচ মিনিট থাকে, আধা ঘণ্টা থাকে না। যা থাকে তাও লো-ভোল্টেজ। ট্যাংকিতে পানি উঠাতে পারছি না। হাসপাতালের মেঝে, বাথরুম পরিষ্কার করা যাচ্ছে না। ফ্রিজ বন্ধ থাকায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভ্যাকসিনের মান নষ্ট হচ্ছে।’
সিভিল সার্জন ফরিদ আহমেদ জানান, হাসপাতালগুলোতে জেনারেটর নেই। বাড়তি তেল খরচ দিয়ে জরুরি সময়ে ভাড়ায়চালিত জেনারেটর চালাতে হচ্ছে। বিদ্যুতের অভাবে রোগীরা চরম ভোগান্তিতে আছেন। শিশুদের টিকা, ভ্যাকসিনসহ ফ্রিজে রাখা ওষুধ নষ্ট হয়ে যাচ্ছে।
লো-ভোল্টেজে অচল কলকারখানা: ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সোহরাব আলী বিশ্বাস বলেন, ‘স-মিল, বরফকল ও রাইসমিল চলতে সাধারণত ৪০০ ভোল্ট দরকার। কিন্তু আমরা পাচ্ছি ২৩০ ভোল্ট। তাই কলকারখানা চলছে না।’
সদর উপজেলার পুরাতন লঞ্চঘাটে আবদুল গনির স-মিলের প্রধান মিস্ত্রি সালাউদ্দিন। তাঁর অধীনে কাজ করেন আরও ছয়জন শ্রমিক। সালাউদ্দিন বলেন, দিনমজুরি, কমিশন ও বকশিশ সব মিলিয়ে দিনে ৬০০-৭০০ টাকা ব্যয় হয়। কিন্তু স-মিল বন্ধ থাকলে এক টাকাও আয় হয় না। বিদ্যুতের লো-ভোল্টেজ হওয়ায় মিলের চাকা ঘুরছে না। ঋণ করে সংসার চালাতে হচ্ছে।
একই কথা বলেন স-মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আচমত আলী হাওলাদার। তিনি জানান, লো-ভোল্টেজের কারণে মিল বন্ধ থাকায় জেলার প্রায় চার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ, ভাড়া বৃদ্ধি: বিদ্যুতের অভাবে চার্জ দিতে না পারায় জেলার ১০-১২ হাজার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ হয়ে গেছে। এ কারণে রিকশা, নছিমন-করিমন ও টেম্পো ভাড়া চার-পাঁচ গুণ বেড়ে গেছে।
জনভোগান্তি: ভোলার দৌলতখান আবু আবদুল্যাহ মহাবিদ্যালয়ের প্রভাষক কামরুল ইসলাম বলেন, বিদ্যুতের লো-ভোল্টেজের কারণে টিভি-ফ্রিজ চালাতে সমস্যা হচ্ছে।
বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসীম কুমার পন্তি, ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৌফিকুল ইসলাম জানান, লো-ভোল্টেজের কারণে তাঁদের পানি ওঠানোর মোটর পুড়ে গেছে।
একই পৌরসভার বাসিন্দা কাকলী বেগম, ভোলা সদর উপজেলার বাপ্তা চৌমহনী এলাকার মরিয়ম জাহানসহ একাধিক মায়ের ভাষ্য, বৈদ্যুতিক পাখা না চলায় শিশুরা ঘুমায় না, রাতভর কান্নাকাটি করে।
ভোলা সদরের এইচএসসি পরীক্ষার্থী চম্পা, মুন্নি, শারমিন, হাবিবা, দিনা, সুমনসহ একাধিক ব্যক্তির ভাষ্য, বিদ্যুতের অভাবে পড়ালেখা ব্যাহত হচ্ছে।
ভোলা পৌরসভার সচিব আবুল কালাম আযাদ ও বোরহানউদ্দিন পৌরসভার সচিব আবদুর রব জানান, লো-ভোল্টেজ ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তাঁদের পানি সরবরাহ করতে সমস্যা হচ্ছে। সড়কবাতি জ্বলছে না।
আন্দোলনে ভোলাবাসী: গ্যাসভিত্তিক ওই বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র চালুর দাবিতে সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলার গ্রাহকেরা গড়ে তুলেছেন ‘দ্রুত বিদ্যুৎ চাই’ আন্দোলন কমিটি। তারা বেশ কয়েকবার বিক্ষোভ প্রদর্শন, বিদ্যুৎ অফিস ঘেরাও, হামলা-ভাঙচুর ও কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে। সর্বশেষ গত শুক্রবার আওয়ামী লীগের কর্মীরা ভোলা-১ আসনের সাংসদ ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছে বিষয়টি তুলে ধরে বিদ্যুৎকেন্দ্র চালুর উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।
ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের, নাগরিক কমিটির সদস্যসচিব এস এম বাহাউদ্দিনসহ একাধিক ব্যক্তি বলেন, ওই বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র গত পাঁচ বছরে ৫০ বার বিকল হয়েছে। ভোলাবাসী বিদ্যুৎবিহীন অবস্থায় চরম ভোগান্তিতে আছেন।