বিদ্যুৎকেন্দ্র ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গতকাল সোমবার সন্ধ্যায় মেঘনাঘাট ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রটির যন্ত্রাংশ পুড়ে গিয়ে তিনটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

এদিন সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটীতে রপ্তানিমুখী পোশাক কারখানা ফকির এ্যাপারেলসে আগুন লেগে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মমতাজ উদ্দিন জানান, সন্ধ্যায় মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের স্টিম টারবাইনে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডের পর থেকে বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটে উৎপাদন বন্ধ রয়েছে। ফলে সন্ধ্যা সাতটা থেকে এই কেন্দ্র দিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান ও সোনারগাঁ থানার ওসি রিজাউল হক রাত পৌনে ১২টায় প্রথম আলোকে জানান, তাঁরা এই অগ্নিকাণ্ডের বিষয়ে কিছুই জানেন না।

নারায়ণগঞ্জ: প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ১০টার দিকে কারখানার ডাইং সেকশনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে কারখানার মেশিন, কাপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে শহরের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

ফকির অ্যাপারেলসের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন বলেন, আগুনে প্রতিষ্ঠানের ভেতরে থাকা বিপুল পরিমাণ ফেব্রিক্স ও মেশিন পুড়ে যায়। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মমতাজ উদ্দিন বলেন, কারখানার কাপড় শুকানোর যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, আগুনে কেউ দগ্ধ হয়নি। তবে আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে কয়েকজন আহত হন।