বিদ্যুৎকেন্দ্র বন্ধ সাড়ে ৮ মাস ভোলাবাসীর হাঁসফাঁস
ভোলায় সাড়ে ৩৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাসচালিত ভাড়াভিত্তিক (রেন্টাল) বিদ্যুৎকেন্দ্রটি বিকল হওয়ার সাড়ে আট মাসেও চালু হয়নি। এদিকে ঘন ঘন লোডশেডিং ও লো-ভোল্টেজে ভোলাবাসীর ভোগান্তি উঠেছে চরমে। বোরোচাষিরা খেতে সেচ দিতে পারছেন না। বন্ধ আছে বহু কলকারখানা।বিদ্যুৎ বিতরণ সংস্থা ও পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, বর্তমানে বরিশাল থেকে চার মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে ভোলা সদরের আংশিক চাহিদা মেটানো হচ্ছে। জেলার বাকি পাঁচটি উপজেলার জন্য সাড়ে চার মেগাওয়াট বিদ্যুৎ আসছে পটুয়াখালী থেকে। তাও লো-ভোল্টেজ। ওই বিদ্যুতে কৃষকের সেচযন্ত্র চলছে না।ভোলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা যায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ভোলা খেয়াঘাটের কাছে ভেঞ্চার অ্যানার্জি রিসোর্স লিমিটেড ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করে। ২০০৮ সালের ১৫ মের মধ্যে এটি চালুর কথা ছিল। কিন্তু প্রতিষ্ঠানটি পরীক্ষামূলক উৎপাদনে যায় ২০০৯-এর মে মাসে। আর পূর্ণাঙ্গভাবে বিদ্যুৎ সরবরাহে সফল হয় ওই বছরের জুলাইয়ে। এরপর থেকে প্রায়ই বিদ্যুৎকেন্দ্রটি বিকল হতে থাকে। সর্বশেষ গত বছরের ১৮ জুলাই বিকল হয় এটি, যা সংস্কার করে চালু করা সম্ভব হয়নি আজও।পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ সংস্থা (ওজোপাডিকো) ভোলার সহকারী প্রকৌশলী দুলালচন্দ্র দে প্রথম আলোকে বলেন, ‘গত বছরের ১৮ জুলাই থেকে ভোলাবাসীকে আমরা ঠিকভাবে বিদ্যুৎ দিতে পারছি না। বরিশাল গ্রিড থেকে আসা চার মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হচ্ছে ভোলা সদরে। অথচ এ উপজেলাতেই চাহিদা আছে ১২ মেগাওয়াট। ভেঞ্চার অ্যানার্জি রিসোর্স লিমিটেড আজ দিচ্ছি, কাল দিচ্ছি বলছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।’ বর্তমানে ভোলা সদরে আট মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকার কথা স্বীকার করেন তিনি।এদিকে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জেলা কার্যালয়ের মহাব্যবস্থাপক সোহরাব আলী বিশ্বাস বলেন, জেলায় পল্লী বিদ্যুতের ৫২ হাজার গ্রাহক আছেন। বিদ্যুতের চাহিদা প্রায় ১৫ মেগাওয়াট। পটুয়াখালী থেকে সাবমেরিন কেবেলর মাধ্যমে মাত্র সাড়ে চার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ভোলায় বিদ্যুচ্চালিত ১৭০টি সেচযন্ত্র রয়েছে। লো-ভোল্টেজে ওই সব যন্ত্র চলছে না। ফলে কৃষক ও গ্রাহকদের ভোগান্তি এখন চরমে।চরফ্যাশনের কয়েকজন বাসিন্দা বলেন, কয়েক মাস ধরে বিদ্যুতের লো-ভোল্টেজ প্রচণ্ড ভোগাচ্ছে। বাতিতে আলোর রেখা দেখা গেলেও রেফ্রিজারেটর, টেলিভিশন চলছে না। একই অভিযোগ ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার গ্রাহকদেরও। দৌলতখান উপজেলার বরফকলের মালিক নাসির উদ্দিন জানান, লো-ভোল্টেজের কারণে ভোলার সব বরফকল এখন ডিজেলে চলছে।জেলা করাতকল মালিক সমিতির সভাপতি আসমত আলী হাওলাদার বলেন, বিদ্যুতের অভাবে প্রায়ই করাতকল বন্ধ থাকছে। এতে মালিকেরা ক্ষতির মুখে পড়ছেন।ভেঞ্চার অ্যানার্জি রিসোর্স লিমিটেডের ভোলার ব্যবস্থাপক হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিকল হওয়া মেশিন মেরামত হয়ে গেছে। দুই-একদিনের মধ্যে আমরা উৎপাদনে যাব। আর দুর্ভোগ থাকবে না।’