বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে সিলেটে আলোকবন্ধন
সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে বাগেরহাটের রামপালে বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম বন্ধের দাবিতে পরিবেশবাদী তিনটি সংগঠনের উদ্যোগে সিলেটে গতকাল মঙ্গলবার ‘প্রতিবাদী আলোকবন্ধন’ করা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘প্রাধিকার’ গতকাল সন্ধ্যায় সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মোমবাতি প্রজ্বালন করে এ কর্মসূচি পালন করে। এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া লোকজন সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট শাখার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ, শহিদুল ইসলাম ও জাসদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান আহমদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা এ কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করেছেন।
আয়োজকদের পক্ষে বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম, গ্রিন এক্সপ্লোর সোসাইটির সভাপতি অনিমেষ ঘোষ ও প্রাধিকারের সভাপতি রাহুল ঘোষ তালুকদার বক্তব্য দেন।
তাঁরা রামপালের বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লংমার্চের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।